দুর্ঘটনা কেড়ে নিল মা-মেয়ের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মা হাসিনা আক্তার (৩৮) ও তাঁর মেয়ে হিমু (১২)। তাঁদের বাড়ি উপজেলার ঘোষকামতা গ্রামে। মা-মেয়ে অটোরিকশার যাত্রী ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, সোনাইমুড়ী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চৌমুহনীর দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে বিপরীত দিক হতে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ​অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অটোরিকশা ও প্রাইভেটকার দুটি আটক করে পুলিশ। তবে চালকদের পাওয়া যায়নি।