দুর্ঘটনা ঠেকালেন পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসআই নূরুল হক
এসআই নূরুল হক

লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে যায় যাত্রীবাহী একটি বাস। আতঙ্কে বাসে থাকা যাত্রীরা নেমে যান। কিন্তু বাসটি সরানো যাচ্ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তা। মুঠোফোনে আলো ফেলে সংকেত দিয়ে থামান ট্রেনটিকে। ওই কর্মকর্তার সাহসিকতায় দুর্ঘটনা ঠেকানো সম্ভব হয়।
এই সাহসী পুলিশ কর্মকর্তার নাম নূরুল হক। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে ময়মনসিংহ ট্রাফিক বিভাগে কর্মরত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের পাটগুদাম লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার সকালে পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় গিয়ে নূরুল হককে পাওয়া যায়। তিনি বলেন, ‘সন্ধ্যার পর নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাস পাটগুদাম লেভেল ক্রসিংয়ের ঠিক মাঝখানে বিকল হয়ে যায়। দ্রুত বাসটির কাছে গিয়ে জানতে পারি, বাসের আনুমানিক ৫০ জন যাত্রী নেমে পড়েছেন। চালক ও সহকারীরা বাসটি লেভেল ক্রসিং থেকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। ওই সময় আমি রেকার (বাসটি উদ্ধারকারী যন্ত্র) আনতে বলি এবং বিষয়টি ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমানকে জানাই। তিনি আমাকে দ্রুত ময়মনসিংহ রেলস্টেশনে যোগাযোগ করতে বলেন।’
নূরুল হক আরও বলেন, তিনি মাহবুবুর রহমানের নির্দেশ অনুযায়ী যোগাযোগ করলে রেলস্টেশন থেকে জানানো হয়, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ওই মুহূর্তে স্টেশন কর্তৃপক্ষের ট্রেন থামানোর সুযোগ নেই। এরপর তিনি আবারও মাহবুবুর রহমানকে ফোন করলে তিনি তাঁকে বলেন, যেকোনো উপায়ে ট্রেন থামান। ঠিক ওই সময় বাসের পেছনে চার-পাঁচটি ইজিবাইক ও তিনটি রিকশা লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে থাকতে দেখা যায়। এমন সময় ট্রেন আসতে দেখে তিনি দ্রুত রেললাইনের ওপর দাঁড়িয়ে যান এবং হাতে থাকা মুঠোফোনটির আলো দিয়ে চালককে ট্রেন থামানোর জন্য ইশারা করেন।’
ময়মনসিংহের ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নূরুল হকের সাহসিকতার কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।