মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নৌ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দল ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত দল পৃথকভাবে গণশুনানি করে।
এতে প্রত্যক্ষদর্শী, দুর্ঘটনাকবলিত লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী, উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য, লঞ্চঘাটে দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারী, বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৮০০ গজ দূরে এমভি নার্গিস নামের একটি কার্গো জাহাজ এমভি মোস্তফা নামের লঞ্চটির মাঝামাঝি স্থানে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চটি উল্টে গিয়ে ডুবে যায়। ওই লঞ্চে দুই শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হয়। এ ঘটনায় লঞ্চের ৮০ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়। গতকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিন নারী ও এক পুরুষ।
ঘটনা তদন্তে ওই দিনই নৌ মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর পৃথক তিনটি কমিটি গঠন করে। সাত সদস্যবিশিষ্ট নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর-রহমানকে প্রধান করা হয়। বিআইডব্লিউটিএর চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে সংস্থার চেয়ারম্যান ড. শামসুজ্জোহা খন্দকারকে প্রধান করা হয়েছে। অপরদিকে তিন সদস্যবিশিষ্ট সমুদ্র পরিবহন অধিদপ্তরের তদন্ত কমিটিতে সংস্থাটির নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাহজানকে প্রধান করা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনও পাঁচ সদস্যবিশিষ্ট অপর একটি তদন্ত দল গঠন করে।
গতকাল নৌ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দল ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত দল গণশুনানি করে। এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর-রহমান এবং তদন্ত দলের অপর তিন সদস্য মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিবুল ইসলাম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার ও অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাঈন উদ্দিন হাসান।
গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘটনার প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া লঞ্চের যাত্রী, লঞ্চঘাটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ নয়জন ব্যক্তির বক্তব্য লিপিবদ্ধ করেন তদন্ত দলের সদস্যরা। এরপর তাঁরা দুর্ঘটনাকবলিত লঞ্চ ও কার্গো জাহাজ পরিদর্শন করেন।
শুনানিতে অংশ নেওয়া ওই লঞ্চের যাত্রী এবং শিবালয় উপজেলার শিবালয় এলাকার আবদুস সালাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া লঞ্চটিতে তিনি প্রথমে লঞ্চের ইঞ্জিনের কাছে ছিলেন। ছাড়ার পর কিছুটা পথ লঞ্চটি নদীর পূর্ব-দক্ষিণে গিয়ে মূল চ্যানেল হয়ে দৌলতদিয়ার দিকে যাচ্ছিল। এরপর তিনি লঞ্চের পেছনে যাওয়ার পরপরই কার্গো জাহাজটি লঞ্চটির প্রায় মাঝামাঝি স্থানে সজোরে ধাক্কা দেয়। এরপর লঞ্চটি উল্টে ডুবে যায়। তবে সংঘর্ষের আগে লঞ্চ ও কার্গোটির হুইসেল (সতর্কতামূলক বাঁশি) শুনতে পাননি তিনি। ডুবে যাওয়ার ১৫-২০ মিনিট পর একটি ট্রলার গিয়ে তাঁকে উদ্ধার করে। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরে দেখেন, তিনি পাটুরিয়া লঞ্চঘাটে।
লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী ও শিবালয় উপজেলার দাশকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, লঞ্চের পেছনে চ্যালেঞ্জার পাইপের পাশে তিনি দাঁড়িয়ে ছিলেন। লঞ্চের গতি বাড়ানোর পর চ্যালেঞ্জার পাইপ দিয়ে কালো ধোঁয়া বের হওয়ার কিছুক্ষণ পর কার্গোটি লঞ্চটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। তিনিও লঞ্চের যাত্রীদের উদ্দেশে সতর্কতামূলক কোনো বাঁশির শব্দ শোনেননি বলে শুনানিতে জানান।
এদিকে গতকাল জেলা প্রশাসনের তদন্ত কমিটি বিআইডব্লিউটিএ, লঞ্চঘাটে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের বক্তব্য লিপিবদ্ধ করে। তদন্ত দলের প্রধান মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন ছাড়াও দলের সদস্য শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিভ খান, মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আনোয়ার হোসেন, বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এবং শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান শুনানি গ্রহণ করেন।
নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর-রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নৌ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির শুনানিতে গতকাল নয় ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে ঘটনার পরদিন থেকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বেশ কয়েক ব্যক্তির সাক্ষ্য নিয়েছে বলে কমিটির প্রধান আসলাম হোসেন জানান।