দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই গেটম্যান ও চার আনসার সদস্যের সাহসিকতা ও বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। গতকাল সোমবার মির্জাপুর উপজেলার ধেরুয়া লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টা ১০ মিনিটে হঠাৎ দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখেন ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান ও আনসার সদস্যরা। সে সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহন থামাতে গেট ফেলা বা কোনো সংকেত দেওয়া ছিল না।

পরে দুই গেটম্যান মনির ও ইসমাইল হোসেন চার আনসার সদস্য আবদুল মালেক, আলহাজ মিয়া, আবদুর রহিম ও মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে লেভেল ক্রসিংয়ের দুই পাশে সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে দেন। ট্রেনটি ক্রসিং অতিক্রম করে। এদিকে ওই ট্রেনটি ক্রসিং পার হওয়ার পর গেটম্যান মনির মির্জাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আফসার উদ্দিনকে ট্রেন আসার সংকেত না জানানোর কারণ জানতে ফোন করেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঢাকাগামী একটি ট্রেন আসতে দেখে তাঁরা আগের মতোই ওই ট্রেনটিকেও নিরাপদে লেভেল ক্রসিং পার করিয়ে দেন। এতে দুটি ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

সাজ্জাদ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই সময় লেভেল ক্রসিং এলাকা পার হচ্ছিলেন। গেটম্যান ও আনসার সদস্যদের সহায়তায় তিনি অল্পের জন্য রক্ষা পান।