দুর্ঘটনা থেকে রক্ষা পেল শাটল ট্রেন
বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। গতকাল মঙ্গলবার সকালে নগরের ষোলশহর স্টেশনের যে লাইনে শাটল ট্রেনটি দাঁড়িয়ে ছিল, সেই লাইনে দোহাজারী থেকে আসা আরেকটি ট্রেন আসছিল। একই লাইনে শাটল ট্রেন দেখতে পেয়ে উল্টো দিক থেকে আসা (দোহাজারী) থেকে আসা ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন।
শাটল ট্রেনে থাকা শিক্ষার্থীরা বলেন, গতকাল সকাল সাড়ে সাতটায় বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেনটি যাত্রা করে। সকাল পৌনে আটটায় ষোলশহর স্টেশনের ২ নম্বর লাইনে পৌঁছায় শাটল ট্রেনটি। এ সময় উল্টো দিক থেকে আরেকটি ট্রেনকে একই লাইনে আসতে দেখা যায়। কিছুদূর আসার পর চালক (দোহাজারী থেকে আসা) ট্রেনটি থামিয়ে দেন। এতে দুর্ঘটনা থেকে ট্রেন দুটি রক্ষা পায়।
এ বিষয়ে ষোলশহর স্টেশনমাস্টার সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকালে আমি দায়িত্বে ছিলাম না। তবে ঘটনাটি শুনেছি।’