দুর্ঘটনা না হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার অভিযোগে আদালতে মামলা। আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী। বাদী সরকারের নিবন্ধন মহাপরিদর্শকের ভাই। বাদীর পক্ষে সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আইন মন্ত্রণালয়ের উপসচিব, নরসিংদীর অতিরিক্ত জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিসহ (পিপি) ১৫ জন।
তেজগাঁও থানা-পুলিশের নথিপত্রে দেখা যায়, ১১ জুলাই রাত একটার দিকে জান্নাতি হোসেন তাঁর বন্ধু ও ব্যবসার অংশীদার কে এম মোস্তামসির আশরাফসহ উত্তরা থেকে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন জান্নাতি। পাশে ছিলেন মোস্তামসির। বেপরোয়া গতির গাড়িটি মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়িটির বাঁ পাশ বিচূর্ণ হয়ে ভেতরে ঢুকে যায়। কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
এ ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সর্দার নিজামুল হক বাদী হয়ে মামলা করেন। এতে বলা হয়, ‘দুর্ঘটনার পর গাড়িটি দরজা ভেঙে দুমড়েমুচড়ে ভেতরে ঢুকে যায়। দেখতে পাওয়া যায়, গাড়ির চালকের আসনে একটি মেয়ে ও বাঁ পাশের আসনে একটি ছেলে আহত অবস্থায় পড়ে আছে। মেয়েটি তাঁর পাশে থাকা ছেলেটিকে উদ্ধারের জন্য আমাদের সাহায্য কামনা করে চিৎকার করতে থাকে। আমি ফোর্সসহ ছেলেটিকে দরজা ভেঙে বের করে মেয়েটিসহ পাশের আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ জানায়, ঘটনার পরের দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। তাতে মৃত্যুর কারণ দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়।
তেজগাঁও থানার করা মামলায় বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয় জান্নাতির বিরুদ্ধে। তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
ঘটনার ১০ দিন পর ২১ জুলাই নিহত মোস্তামসিরের চাচা আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাদী হয়ে জান্নাতি, তাঁর ছোট ভাই জুবায়ের (২১), জুনায়েদ (১৯), তাঁর বাবা ডি এম দেলোয়ার হোসেন ও জান্নাতির হবু স্বামী রেমন সিদ্দিকীকে আসামি করে আদালতে মামলা করেন।
এ মামলায় জান্নাতির বিরুদ্ধে তাঁর ব্যবসায়ীক সহযোগী মোস্তামসির আশরাফকে (২৭) খুন করে পুরো ব্যবসা বাগিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়। মোস্তামসিরের বাবা কে এম আবদুল মান্নান সরকারের নিবন্ধন মহাপরিদর্শক।
মামলার নথিতে দেখা যায়, এ মামলায় দুদকের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান, নরসিংদীর অতিরিক্ত জেলা জজ মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদুল হক দুলুসহ ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।
হত্যা মামলায় সাক্ষী হওয়া সম্পর্কে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক প্রথম আলোকে বলেন, ‘আমি কোন হত্যা মামলার সাক্ষী সেটা তো জানি না। তবে আইজিআরের ছেলে মারা যাওয়ার কথা শুনে থানায় গিয়েছিলাম।’
জানতে চাইলে মামলার আরেক সাক্ষী দুদকের মহাপরিচালক বলেন, ‘আমি ঘটনা শুনে থানায় গিয়েছিলাম, সে কারণে তারা হয়তো আমাকে সাক্ষী করতে পারে।’
জান্নাতি হোসেনের পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় নিহত মোস্তামসিরের বাবা প্রভাবশালী সরকারি কর্মকর্তা। দফায় দফায় পুলিশ তাদের মেয়েকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অনেক চেষ্টা করেও জামিন পাননি তাঁরা। আবার রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা সাক্ষী হওয়ায় পুলিশ নিরপেক্ষ তদন্ত করতেও সাহস পাচ্ছে না।
তবে সিআইডির কর্মকর্তারা জানান, এ মামলাটি চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে নেওয়া হয়েছে। সেলের সর্বশেষ বৈঠকে মামলাটি উত্থাপিত হয়। তাঁরা জানান, এ ঘটনাটি দুর্ঘটনা বলে তাঁরা মনে করছেন। কারণ হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য-প্রমাণ পাননি। কিন্তু এ মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি সাক্ষী হওয়ায় অভিযোগটি তাঁরা উড়িয়ে দিতে পারছেন না।
অবশ্য হান্নান খানের দায়ের করা নালিশি মামলায় অভিযোগ করা হয়, আহত ও নিহত কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এতে প্রমাণিত হয়, তেজগাঁও থানা-পুলিশের সহায়তায় ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। মামলায় বলা হয়, ঘটনা জেনে দুদক মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আইন মন্ত্রণালয়ের উপসচিব, নরসিংদীর অতিরিক্ত জেলা জজসহ অনেকে থানায় যান। থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ নিতে অস্বীকার করেন।
জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলোকে বলেন, ঘটনা পুলিশের সামনেই ঘটেছে। পুলিশও আহত হয়েছে। আর পুলিশ আইন মেনেই মামলা নিয়েছে। কোনো অভিযোগ নিতে কেউ অস্বীকার করেনি।
সিআইডির কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর জান্নাতিকে তিন দফা রিমান্ডে নেওয়া হয়। প্রথমে পাঁচ দিন, এরপর চার দিন এবং সর্বশেষ গত ১৯ অক্টোবর ছয় দিন। জিজ্ঞাসাবাদে জান্নাতি জানান, তিনি গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দুর্ঘটনা ঘটেছে। সিআইডির পরিদর্শক উত্তম কুমার মামলাটি তদন্ত করছেন।
হত্যা মামলার বাদী আবদুল হান্নান বলেন, জান্নাতির সঙ্গে নিহত মোস্তামসিরের ব্যবসা ছিল। মোস্তামসির মারা যাওয়ার আগের দিন জান্নাতি ব্যবসার সব কাগজপত্র তাদের বাড়ি থেকে নিয়ে আসে। তা ছাড়া ওই রাতে গাড়িতে জান্নাতির ছোট ভাইও ছিল। তাঁকে বাসায় নামিয়ে দেওয়ার পরই দুর্ঘটনা ঘটে। এসব খুবই সন্দেহজনক।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে জান্নাতি জানান, তাঁর বাবা ডি এম দেলোয়ার হোসেন ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁরা থাকেন নিকুঞ্জ-২ আবাসিক এলাকায়। তিনি ইংরেজি মাধ্যমে এ লেভেল পাস করে ২০১২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে তোলেন। ছয় বছর আগে ভেলোসিটি নামে গাড়িসজ্জার একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর করেন ‘ক্যাফে ড্রিফট’ নামের একটি রেস্টুরেন্ট। টর্ক নামে একটি ম্যাগাজিনও বের করেন। এ বছর ‘ইকো স্পার্ক’ নামে একটি মিউজিক ক্যাফে করেন। নিহত মোস্তামসির ছিলেন এ ব্যবসার অংশীদার। এক বন্ধুর মাধ্যমে মোস্তামসিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিন বোনের পরে মোস্তামসির বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান। তাঁদের পরিবার থাকে উত্তরা ৬ নম্বরে সেক্টরে। এমবিএ পাস করা মোস্তামসির ৩৩তম বিসিএসে অংশ নিয়েছিলেন।
জান্নাতি পুলিশকে জানান, তাঁরা দুজনে ১৫ লাখ টাকা করে দিয়ে এ ব্যবসা গড়ে তোলেন। কিন্তু এ ব্যবসার ব্যাপারে মোস্তামসিরের বাবার মত ছিল না। তিনি জান্নাতির বাবাকে ফোন করে তার ছেলের সঙ্গে ব্যবসা না করার জন্য বলেছিলেন। কিন্তু মোস্তামসির অনড় ছিলেন। সে কারণে অংশীদারত্ব থেকে যায়।
জান্নাতির মা শাকিলা হোসেন প্রথম আলোকে বলেন, মামলার কারণে তাঁদের পুরো পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিন মাস ধরে নিজের বাড়িতে থাকতে পারছেন না। মেয়ের জামিন হচ্ছে না বলে পরিবারের অন্য সদস্যরা জামিনের আবেদন করতে সাহস পাচ্ছেন না।
মামলা বা তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে চান না মোস্তামসিরের বাবা নিবন্ধন মহাপরিদর্শক কে এম আবদুল মান্নান। প্রথম আলোকে তিনি বলেন, ‘সন্তান হারানোর পর আমার স্ত্রীর চোখের পানি শুকিয়ে গেছে। আমি দপ্তরে ব্যস্ত থাকি বলে বেঁচে আছি। অফিস করি, মিটিং করি, নীরবে চোখের পানি ফেলি। কেউ টের পান না। সন্তান যিনি হারাননি, তিনি এ বেদনা কখনো বুঝবেন না।’