দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নির্ণয় যন্ত্রের ব্যবহার শুরু
ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কে গত রোববার থেকে গাড়ির গতি নির্ণয় যন্ত্রের (স্পিড ডিটেকটর) ব্যবহার শুরু করেছে পুলিশ। প্রথম দিনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ২৩টি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এ মহাসড়কে দুর্ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোই অধিকাংশ দুর্ঘটনার কারণ। তাই বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধের জন্য এই যন্ত্রের ব্যবহার করা হচ্ছে।গতকাল সোমবার টাঙ্গাইল শহর বাইপাস সড়কে গতি নির্ণয় যন্ত্র নিয়ে কাজ করছিলেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সালাহউদ্দিন। তিনি জানান, গতি নির্ণয় যন্ত্রের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির গতিবেগ যন্ত্রের মনিটরে ভেসে ওঠে। যন্ত্র বসানোর জায়গা থেকে ঢাকা ও উত্তরবঙ্গের দিকে দুই কিলোমিটার দূরে পুলিশের দুটি দল অবস্থান করছে। কোনো গাড়ি অতিরিক্ত গতিতে গেলে তা সঙ্গে সঙ্গেই তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এরপর পুলিশ ওই গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।