সিলেট-তামাবিল সড়কের গোয়াইনঘাটে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোয়াইনঘাটের সামাজিক সংগঠন ‘প্রজন্ম জাফলং’-এর উদ্যোগে গতকাল শুক্রবার সকালে জাফলং মামার বাজার পয়েন্টে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, ছাত্র ও শ্রমিক সংগঠনের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে চালকদের প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স প্রদান, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, হাইওয়ে পুলিশের সঠিক দায়িত্ব পালন, রাস্তা মেরামতসহ নিরাপদ সড়কের দাবি জানানো হয়।মানববন্ধন শেষে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, গত তিন মাসে সিলেট-তামাবিল সড়কের গোয়াইনঘাট উপজেলায় ১৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।প্রসঙ্গত, ৬ মার্চ প্রথম আলোতে ‘গোয়াইনঘাটে দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১২: বেপরোয়া ট্রাকের কারণে ঘটছে দুর্ঘটনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।