দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও টিভি ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজনের স্মরণে চট্টগ্রামে শোক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাঁদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ আখ্যায়িত করে দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।উদীচী, বোধন, প্রমা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও চট্টগ্রাম থিয়েটার এ কর্মসূচির আয়োজন করে। এতে বহু সংস্কৃতিকর্মী যোগ দেন।আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি চন্দন দাশ, চারণের ইন্দ্রানী ভট্টাচার্য, চট্টগ্রাম থিয়েটারের দীপক চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, ‘এত বড় দুর্ঘটনার পরও কীভাবে আমাদের মন্ত্রীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তা সাধারণের বোধগম্য নয়। এসব মন্তব্য মানুষকে আহত করে।’ তাঁরা বলেন, একের পর এক দুর্ঘটনা ঘটলেও সরকার তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি। ট্রাফিক আইন থাকলেও তা যথাযথ ভাবে প্রয়োগ করা হয় না। বক্তারা অবিলম্বে দুর্ঘটনাবিষয়ক আইনে কঠোর শাস্তি প্রণয়নের দাবি জানান। পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত শিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।