দুর্ঘটনা রোধে তৈরি হচ্ছে কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে ভবিষ্যতে যাতে তেল ছড়িয়ে পড়ার মতো দুর্ঘটনা না ঘটে, সে জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে। সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও সুন্দরবন রক্ষার বিষয়টিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৯ ডিসেম্বর সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির ঘটনায় তেল ছড়িয়ে পড়ার পর সরকার এবং জাতিসংঘ মিলে যে যৌথ সমীক্ষাটি করেছে, তার ফলাফল তুলে ধরতে গিয়ে এসব কথা জানান বক্তারা। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ইউএনডিপির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ‘সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার প্রভাব সমীক্ষা’ শীর্ষক পূর্ণাঙ্গ প্রতিবেদনটি তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা সুন্দরবনের মস্ত বড় ক্ষতি হয়েছে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু তেল ছড়িয়ে পড়ার সময় নদীতে ভাটা থাকায় তা বনের ভেতরে খুব একটা ছড়িয়ে পড়েনি। ফলে যত ক্ষতি হতে পারত ততটা হয়নি।
সুন্দরবনের ভেতর দিয়ে অবৈধভাবে নৌ চলাচল কবে বন্ধ হবে এবং ঘষিয়াখালী খাল সঠিক সময়ে খনন হবে কি না, জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাপার। তবে বাংলাদেশে আইন আছে, আবার তা না মানার প্রবণতাও আছে।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা এবং দক্ষতার প্রশংসা করে বলেন, বনে তেল ছড়িয়ে পড়ার মতো দুর্ঘটনা বাংলাদেশে এই প্রথম। ফলে তা মোকাবিলা করার মতো দক্ষতা এখানে গড়ে ওঠেনি। সুন্দরবনকে শুধু বাংলাদেশের সম্পদ হিসেবে না দেখে তিনি তা বিশ্ববাসীর সম্পদ হিসেবে চিহ্নিত করে বলেন, সুন্দরবনের ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে।
প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের পরিবেশ বিভাগের প্রধান আলমগীর হোসেন। তিনি তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যের ওপর দীর্ঘ মেয়াদে ক্ষতি হতে পারে উল্লেখ করে বলেন, জরিপের সময় দেখা গেছে সেখানকার মাছের পরিমাণ কমে গেছে। তেল অপসারণের সঙ্গে যুক্ত ৫৫ শতাংশ বনজীবী বলেছেন, তাঁরা নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ বলেন, সামনের দিনগুলোতে যাতে এ ধরনের কোনো বিপর্যয় না হয়, সে জন্য প্রস্তুতি নিতে একটি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। সুন্দরবনের ওপরে দীর্ঘ মেয়াদে প্রভাব পড়ল কি না, তা দেখতে একটি সমীক্ষাও করা হবে।