দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মফিজ সপরিবারে লাপাত্তা
মিরসরাই উপজেলার বরতাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় গত সোমবার দুপুরে খাদে পড়া ট্রাকটির অপেশাদার চালক মফিজ (৪৫) সপরিবারে লাপাত্তা। পাঁচ দিন ধরে তিনি, তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।উপজেলার মধ্যম মায়ানি গ্রামে মনির আহমদ মুক্তার বাড়ির ভাড়াটে মফিজের ঘরে তালা ঝুলছে। পুলিশের ধারণা, মফিজকে যাতে সহজে ধরা না যায়, সে জন্য তিনি স্ত্রী-সন্তানদের অন্যত্র পাঠিয়ে দিয়েছেন।এ প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘শুধু মফিজের ঘর নয়, ডোমখালীতে তাঁর শ্বশুরবাড়ি, সমিতির বাজারে নানার বাড়ি এবং সাহেরখালীর বেয়াই বাড়িতেও আমরা তল্লাশি চালিয়েছি। কোথাও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি আত্মপোগনে চলে গেছেন।’সোমবার ওই ট্রাক পানিভর্তি খাদে পড়ে সরকারি হিসাবে ৩৭ শিক্ষার্থীসহ ৩৯ জন নিহত হয়।ট্রাকটি খাদে পড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যাওয়া প্রত্যক্ষদর্শী মো. নুরুন্নবী বলেন, ‘দুর্ঘটনার পর মফিজ ড্রাইভার ভেজা কাপড় নিয়ে জমির আইল ধরে বেয়াইবাড়ি সাহেরখালীর দিকে চলে গেছে।’ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দুর্ঘটনার কিছুক্ষণ পর লুঙ্গি পাল্টে মফিজ ঘটনাস্থলের আশপাশে এসেছিলেন। কিন্তু বিকেলের পর থেকে তাঁকে আর দেখা যায়নি। সন্ধ্যায় ঘরে তালা দিয়ে সন্তানদের নিয়ে তাঁর স্ত্রীও অন্যত্র চলে যান।প্রশাসন সূত্র জানায়, পুলিশের পাশাপাশি র্যাবও মফিজকে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় তাঁকে খোঁজা হচ্ছে।এলাকাবাসী জানায়, মফিজ এলাকায় টুকটাক ব্যবসা করলেও মাঝেমধ্যে বাস-ট্রাক চালান।ওই দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র কাজল নাথ গতকাল প্রথম আলোকে বলে, আবুতোরাব প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আলমগীরের বাবা মফিজ ড্রাইভার। আলমগীর ওই দিন আবুতোরাব প্রাথমিক বিদ্যালয় দলের হয়ে ফুটবল খেলায় অংশ নিয়েছিল। খেলোয়াড়দের জন্য আলাদাভাবে যে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করা হয়েছিল, সেগুলোর একটিতে সে বাড়ি ফিরেছিল।জানা গেছে, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের শ্যালক কাজী এমরান ওই ট্রাকের (চট্ট-মেট্রো-ড-১১-০৩৩৭) মালিক। কিন্তু ট্রাকটি মাঝেমধ্যে থাকত আলাউদ্দিন চেয়ারম্যানের হাজি রাইস মিলে। আবুতোরাব প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহির উদ্দিন আহমদ মাঠে ছাত্র-সমর্থকদের আনা-নেওয়ার জন্য ট্রাকটি নিয়েছিলেন আলাউদ্দিনের কাছ থেকে। ট্রাকটির মূল চালক সেদিন না থাকায় মফিজকে চালাতে বলা হয়েছিল। নিজের ছেলের খেলা এবং এলাকাবাসীর অনুরোধে মফিজ ট্রাক চালাতে রাজি হন।দুর্ঘটনার পর মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন নিজামী বাদী হয়ে এ ব্যাপারে হত্যা মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে মফিজকে।