দুর্ঘটনাকে কেন্দ্র করে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতিরোধকের দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কটি চার ঘণ্টা ধরে অবরোধ করে রাখে এলাকাবাসী ও স্থানীয় একটি পাটকলের শ্রমিকেরা। ঘটনাটি ঘটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফরিদপুর জুট ফাইবার্সের সামনে।অবরোধকারীরা রাস্তার ওপর বসে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে, দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, সকাল ছয়টার দিকে ফরিদপুর জুট ফাইবার্স কলের সামনে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক রহিমপুর গ্রামের মোতালেব শেখ (৩০) আহত হন। পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল ছয়টা থেকে বেলা ১০টা পর্যন্ত এ অবরোধ চলে। ফরিদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী (এসও) আবুল হোসেন ঘটনাস্থলে এলে জনতা গতিরোধক নির্মাণ শুরু করার দাবিতে তাঁকে অবরুদ্ধ করে ফেলে।আবুল হোসেন জানান, ‘আমি সকাল আটটার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাই। প্রথমে আমি আমার পরিচয় দিইনি। পরে ইউপি চেয়ারম্যান আমাকে ওই মিলের নিরাপত্তারক্ষীর ঘরে বসার জায়গা করে দেন।’ অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, এলাকাবাসীর মনোভাব উগ্র ছিল। এ জন্য চেয়ারম্যান তাঁকে কৌশলে একটি কক্ষে নিয়ে রাখেন।ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, দুপুর ১২টার দিকে গতিরোধক নির্মাণের সামগ্রী ঘটনাস্থলে পাঠানোর পর কাজ শুরু হয়। এলাকাবাসীর কথামতো মহাসড়কে তিনটি গতিরোধক নির্মাণ করা হবে। মহাসড়কে গতিরোধক নির্মাণের ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনুমতির অপেক্ষায় থাকলে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে যেত।আহত ভ্যানচালক মোতালেবকে কানাইপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। এখনো জ্ঞান ফেরেনি।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মহাসড়ক অবরোধ করা হলেও কোনো যানবাহন ভাঙচুর করা হয়নি।এক সড়ক দুর্ঘটনায় গত ২০ সেপ্টেম্বর রাতে ওই মিলের এক নৈশপ্রহরী জালাল সর্দার (৫০) নিহত হন। সেদিন শ্রমিকেরা গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান দুই দিনের মধ্যেই গতিরোধক নির্মাণের আশ্বাস দেন। ১৪ দিনের মাথায় গতকালের দুর্ঘটনাটি ঘটল।