দুর্ঘটনাজনিত হত্যায় ৩০২ ধারায় মামলা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে উপস্থিত মন্ত্রী ও অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত মন্ত্রী ও অন্যান্যরা।

দুর্ঘটনাজনিত কারণে হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। এ ছাড়া এ-সংক্রান্ত মামলাগুলো আর ৩০২ ধারায় না দেওয়ারও দাবি জানান তাঁরা। তাঁদের এই দাবি মেনে নিতে মত দিয়েছে মন্ত্রণালয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা এই দাবি জানান। পরে বেলা সাড়ে তিনটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর সারা দেশে ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এই আট দফা দাবি পর্যালোচনার জন্যই আজ ওই বৈঠকের আয়োজন করা হয়।
শ্রমিকনেতারা বলেন, যদি কোনো চালক স্বতঃপ্রণোদিত হয়ে দুর্ঘটনা ঘটান, তবেই তাঁর বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া যাবে। শ্রমিকনেতাদের উল্লেখিত এই দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়।
এসব দাবি মেনে নেওয়া দুর্ঘটনাকে উসকে দেওয়া কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌমন্ত্রী একই কথা বলেছেন। তাঁরা বলেন, এ ধরনের মামলাগুলো প্রথমে ৩০৪ ধারায় দেওয়া হবে। তারপর প্রাথমিক তদন্তে যদি চালকের দোষ পাওয়া যায়, তবেই তা ৩০২ ধারায় চলে যাবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে বিতর্কিত ফেনী মডেল থানার ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এ ধরনের মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা।
এসব মামলার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলাগুলো বিচারাধীন, তাই এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।
শ্রমিকনেতারা দাবি করেন, তিন মাসের মধ্যে সব পরিবহন শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় নিবন্ধন তল্লাশি করার নামে পুলিশের হয়রানি বন্ধেরও দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকনেতারা আরও দাবি করেছেন, হাইওয়ে পুলিশের দায়ের করা মামলা নিজ নিজ জেলায় নিষ্পত্তি করতে হবে, বাস-ট্রাক-কাভার্ড ভ্যান ছিনতাইকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তদন্ত ছাড়া ছিনতাই বা ডাকাতির মামলায় কোনো চালক বা সুপারভাইজারকে গ্রেপ্তার করা যাবে না। তিনি বলেন, এসব দাবির ব্যাপারেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিগত ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা বলেন, আজকের বৈঠকের বিষয়গুলোর রেজুলেশন স্বাক্ষরিত হয়ে তাঁদের কাছে পৌঁছালে তাঁরা ২৩ সেপ্টেম্বরের ধর্মঘট প্রত্যাহার করবেন, অন্যথায় তা আপাতত স্থগিত হয়ে থাকবে।