দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা দিতে হবে: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।
আদেশে আরও বলা হয়, জাতীয় সড়ক নিরাপত্তা-সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০১৪-১৬ অনুসারে রাষ্ট্রের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রে জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসা পেতে বাধা পেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ করবেন, সে বিষয়ে নীতিমালা তৈরি ও এই বিষয়ে গণমাধ্যমে সচেতনতা সৃষ্টিতে নির্দেশ দেন আদালত। স্বাস্থ্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশের পাশাপাশি আদালত রুল দেন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির জরুরি চিকিৎসাসেবা কেন দেওয়া হবে না, সেটাও বিবাদীদের কাছে আদালত জানতে চান।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দিন কামাল নামের এক ব্যক্তি জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। ব্লাস্ট জানায়, জরুরি চিকিৎসাসেবা দিতে বিভিন্ন হাসপাতালের অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে এ রিট আবেদনটি
করা হয়।