দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, হবিগঞ্জে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য বদরুল ইসলাম ওরফে বকুল (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম ওরফে বকুল তাঁর সঙ্গী বকুল মিয়াকে নিয়ে উপজেলার দিনারপুর থেকে মোটরসাইকেলে আউশকান্দির উদ্দেশে রওনা দেন। রাত ১২টার দিকে তাঁরা আউশকান্দি কিবরিয়া চত্বরের কাছে পৌঁছালে রাস্তায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত ওই দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বদরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বদরুল ইসলামের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও নবীগঞ্জ থানা-পুলিশ গিয়ে লোকজনকে শান্ত করেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবীর জানান, ট্রাকটি তাঁরা জব্দ করেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।