দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী-সন্তান ও স্বজনদের নিয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয়েছেন একই পরিবারের চারজনসহ পাঁচ ব্যক্তি। আহত হয়েছে দুই শিশুসহ তিনজন। ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের বাঘুইর গ্রামের প্রেম কুমার দাস (৩৫), তাঁর স্ত্রী ভানু রানী দাস (২৮), ছেলে সৈকত চন্দ্র দাস (৮), শ্যালকের স্ত্রী কল্পনা রানী দাস (২৮) ও অটোরিকশার চালক বাবুল (৩০)। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেম কুমারের শ্যালিকা শশি রানী এবং তাঁর আড়াই বছরের মেয়ে রাত্রি ও অপরূপা নামে অপর এক শিশুকে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াসুর রহমান ও নিহত ব্যক্তিদের পরিবার জানায়, দিন পাঁচেক আগে প্রেম কুমার স্ত্রী-সন্তানদের নিয়ে সাভারের হেমায়েতপুরে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সেখান থেকে স্ত্রী-সন্তান ও স্বজনদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ধামরাইয়ের রামরাবন গ্রামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী অটোরিকশাটি দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামপুর এলাকায় পৌঁছালে একটি মাটিবোঝাই ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সৈকত।

মুমূর্ষু অবস্থায় অন্যদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ভানু রানী দাস। ওই হাসপাতালে ভর্তি করার পর মারা যান চালক বাবুল। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রেম কুমার ও কল্পনা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইসলামপুরের মো. মাসুম আহমেদ জানান, আরিচার দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।