দুর্ঘটনায় গেল খালা-ভাগনির প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয় মাস বয়সী শিশু ও তার খালা নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুটির মাসহ চারজন।

উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুমি খাতুন (২৮) ও তাঁর ছয় মাস বয়সী ভাগনি খাদিজাতুল কুবরা। সুমির বাড়ি পলাশবাড়ী উপজেলার নান্দিনা গ্রামে। আর শিশুটি উপজেলার হাসানেরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। লাশ দুটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক জিল্লুর মিয়া এবং যাত্রী নিহত শিশুর মা কুলসুম বেগম, জান্নাতুল ফেরদৌসি ও নয়ন তারা। নয়ন তারাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে শাওন-শাহিন পরিবহনের একটি বাস বগুড়া থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে বাসটি বুড়িরঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পলাতক। এ ঘটনায় একটি মামলা হয়েছে।