দুর্ঘটনায় চট্টগ্রাম বন্দরে ডক শ্রমিক নিহত
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার নামানোর সময় নিচে পড়ে এক ডক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বন্দরের ১১ নম্বর জেটিতে এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হন।
নিহত ডক শ্রমিক ওয়াহেদ মিয়া বন্দরের বার্থ অপারেটর এ অ্যান্ড জে ট্রেডার্সের অধীনে কাজ করছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের কাজীরদীঘির পাড় এলাকায়। এর আগে গত সোমবার ১০ নম্বর জেটিতে কাজ করার সময় আবদুস সাত্তার নামে আরও একজন ডক শ্রমিক নিহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় বন্দরের ১১ নম্বর জেটিতে একটি জাহাজ থেকে ক্রেনের সাহায্যে কনটেইনার নামানোর সময় ধাক্কা খেয়ে নিচে পড়ে যান দুজন শ্রমিক। গুরুতর আহত ওয়াহেদ মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক মো. হোসেন চিকিৎসাধীন।