দুর্ঘটনায় ছাত্র নিহতের প্রতিবাদে সীতাকুণ্ডে ভাঙচুর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হন। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখা এবং চারটি গাড়িতে আগুন ও অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
নিহত ছাত্রের নাম নুরুন্নবী রুবেল (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। রুবেল সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট এলাকার অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা আইয়ুব খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় রুবেল ঘটনাস্থলেই নিহত হন। তাঁর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। অন্যদিকে, নিহত রুবেলের এলাকাবাসী ও স্থানীয় সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়ার রাস্তা, ইকোপার্ক ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্টার লাইন পরিবহনের তিনটি বাসসহ মোট চারটি বাস ও একটি ট্রাকে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুরে ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসপ্রধান দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান।
দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বৈঠকে ছাত্রপ্রতিনিধিরা ঘাতক বাসচালকের শাস্তি ও স্টার লাইন পরিবহনের কাছ থেকে নিহত রুবেলের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা ছাত্রদের আশ্বাস দিয়েছেন, তাঁরা স্টার লাইন পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাত্ররা কুমিরা ক্যাম্পাস থেকে সীতাকুণ্ড পৌর সদর পর্যন্ত বাস চালুর দাবি জানিয়েছেন। এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন ছাত্ররা। ওই সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান।