ট্রাক দুর্ঘটনা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ায় গতকাল গভীর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি আজ মির্জাপুরের বাওয়ার কুমারজানি এলাকা থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন শিপন, মির্জাপুর (টাঙ্গাইল)
দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ায় গতকাল গভীর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি আজ মির্জাপুরের বাওয়ার কুমারজানি এলাকা থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন শিপন, মির্জাপুর (টাঙ্গাইল)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতু ও জামুর্কী এলাকায় গতকাল বুধবার গভীর রাতে দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। তা এখনো অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গতকাল বুধবার গভীর রাত থেকে এ যানজট শুরু হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ যানজট সামান্য কমলেও এখনো চন্দ্রা থেকে ধল্লা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে যানজট রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল গভীর রাতে জামুর্কীতে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক সড়কের ওপর দুর্ঘটনায় পড়ে। এতে সেখানে যানবাহন চলাচল ব্যাহত হয়। রাত তিনটার দিকে শুভুল্যা সেতুর ওপর ঢাকাগামী আরেকটি ট্রাক রেলিংয়ে ধাক্কা খেয়ে বিকল হয়ে পড়ে। এতে যানজট আরও তীব্র হয়ে ওঠে।
আজ সকাল থেকে সেতুর ওপর এক পাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট বাড়তে থাকে। পরে পুলিশ ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। এর পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সড়কে গাড়ির চাপ ও যানজট রয়েছে।