বজ্রপাতে মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা-বাগানে গতকাল মঙ্গলবার বিকেলে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সত্য নারায়ণ কৈরী (৪০)। চা-বাগানের কাজ শেষে মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন তিনি। ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসন সত্যের পরিবারকে আর্থিক সহায়তা দেবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।
আরও তিনটি থানা
খুলনা নগরে আরও তিনটি থানার অনুমোদন দিয়েছে সরকার। ২০১২ সালের সেপ্টেম্বরে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সভায় নগরের লবণচোরা, খুলনা বিশ্ববিদ্যালয় ও আড়ংঘাটা এলাকায় তিনটি থানার অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের সভায় থানা তিনটির অনুমোদন দেওয়া হয়। এর সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিউর রহমান গতকাল মঙ্গলবার জানান, তবে এখনো কাগজপত্র খুলনায় পৌঁছায়নি। খুলনা প্রতিনিধি।
অগ্নিকাণ্ড
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের ভান্ডারী মহল এলাকায় গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চাঁদপুর প্রতিনিধি।
ক্যানসার রোধে...
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার বিকেলে স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এ সেমিনারের আয়োজন করে। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মসিহুর রহমান, স্থানীয় বেসরকারি সংগঠন শিখার নির্বাহী পরিচালক গুলজার আহমেদ খান, হাসিম উদ্দিন প্রমুখ। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।
আহ্বায়ক গ্রেপ্তার
যুবদলের কেরানীগঞ্জ থানার আহ্বায়ক মো. আরমানকে গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, আরমান ২২ মে হরতালে কেরানীগঞ্জের জয়নগর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার আসামি। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।
গ্রেপ্তার তিন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ভারতীয় মদসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা হলেন রুবেল মিয়া (২৮), কনাই শেখ (২৩) ও হোসেন আহমদ (৩২)। পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তারা জানায়। মৌলভীবাজার প্রতিনিধি।