দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. শহীদুল ইসলাম (৪৫) ও তসলিমা আক্তার (১৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বড়তকিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান শহীদকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদ উপজেলার ডোমখালী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এদিকে গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার বড়কমলদহ এলাকায় রাস্তা পার হওয়ার সময় তসলিমাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান এএসআই পঙ্কজ বড়ুয়া। তসলিমা উপজেলার ওয়াহেদপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের মেয়ে।