‘আমি সাবধানেই হাঁটছিলাম। নিরাপদ থাকার জন্য রাস্তার একেবারে পাশ দিয়ে হাঁটছিলাম। তারপরও আমাকে ধাক্কা দিয়ে বাস চলে গেল।’ এভাবেই প্রথম আলোর কাছে নিজের দুর্ঘটনার বর্ণনা দিলেন ময়মনসিংহ জেলার নান্দাইলের মো. মঞ্জু মিয়া।
২৮ বছরের মঞ্জু মিয়া বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন চট্টগ্রামের ভাটিয়ারিতে। এখন চিকিৎসা নিচ্ছেন সাভারে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। গত সোমবার ফিজিওথেরাপি নেওয়ার সময় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মঞ্জু মিয়ার। বললেন, ‘গত বছর ১৪ মে সকাল আটটার দিকে কাজে বের হই। দুটো বাস পাল্লা দিয়ে যাচ্ছিল। পেছনের বাসটা সামনেরটাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার একেবারে ধারে কাঁচা রাস্তায় চলে আসে। পেছন থেকে ধাক্কা দেয় আমাকে।’
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, নানা ধরনের দুর্ঘটনার পর বছরে প্রায় চার লাখ আহত মানুষ উপজেলা, জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এই তিন স্তরের হাসপাতালে সবচেয়ে বেশি মানুষ ভর্তি হয়। পরিবারের একজন দুর্ঘটনায় গুরুতর আহত হলে তার প্রভাব পড়ে পুরো পরিবারে। চিকিৎসা খরচ জোগাতে পরিবার আর্থিক সংকটে পড়ে। কোনো কোনো পরিবার নিঃশেষ হয়ে যায়, পথে বসে।
বাসের ধাক্কায় মঞ্জুর ডান পা ভেঙেছে, মেরুদণ্ডের হাড় ভেঙেছে, ঘাড়ের হাড় ভেঙেছে। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩০ সেপ্টেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন সিআরপিতে। পাশে থাকা মঞ্জু মিয়ার স্ত্রী জানালেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মঞ্জু বললেন, ‘এখনো পা নাড়াতে পারি না।’ তবে এই ১০ মাসের চিকিৎসায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য এটা অনেক বড় খরচ। স্বামী-স্ত্রী দুজনের চোখে-মুখে অনিশ্চয়তার গভীর ছাপ।
সড়ক দুর্ঘটনায় আহত ৩৬ জন এখন সিআরপিতে চিকিৎসা নিচ্ছেন। তাঁরা মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাকের ধাক্কা বা দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাত্র একজন বলেছেন দুর্ঘটনার জন্য তিনি নিজে দায়ী। তিনি বেপরোয়া মোটরসাইকেল চালিয়েছিলেন। সঙ্গে থাকা সহযাত্রী ঘটনাস্থলেই মারা যান।
সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি এন টেইলর ৪০ বছরের বেশি পক্ষাঘাতগ্রস্ত বা গুরুতর আহত রোগীদের চিকিৎসা ও অন্যান্য সেবা দিয়ে আসছেন। ভেলরি টেইলর প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় মৃত্যু দুঃখজনক। কিন্তু গুরুতর আঘাত নিয়ে যারা বেঁচে থাকে, তাদের জীবনটাও দুঃখে ভরা থাকে।’
ভেলরি বলেন, ‘দুর্ঘটনায় পড়ে একজন। তার ভার বইতে হয় গোটা পরিবারকে। সে নিজে খেতে পারে না, গোসল করতে পারে না, প্রস্রাব-পায়খানা একা করতে পারে না, তাকে সাহায্য করতে হয় অন্যকে। শিক্ষার্থী হলে বেশির ভাগ সময় পড়া বন্ধ হয়ে যায়। একটি দুর্ঘটনায় পুরো পরিবার নিঃশেষ হয়ে যায়।’
সিআরপির কর্মকর্তারা বলেন, সড়ক দুর্ঘটনার তুলনায় সামান্যসংখ্যক রোগী হাসপাতালে আসেন। সারা দেশে দুর্ঘটনায় ঠিক কত মানুষ আহত হয়, সে পরিসংখ্যান কোথাও পাওয়া যায় না।
তবে একটি হিসাব পাওয়া যায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার তৈরি করা বার্ষিক প্রকাশনা হেলথ বুলেটিনে। বিভিন্ন স্তরের হাসপাতালে ভর্তির প্রধান কারণ ও রোগীর সংখ্যা তাতে বলা আছে। সর্বশেষ ২০১৬ সালের বুলেটিনে বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় দুর্ঘটনার (সড়ক দুর্ঘটনা, বিষপান ইত্যাদি) কারণে। মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি তালিকার শীর্ষে দুর্ঘটনা। আর জেলা ও সদর হাসপাতালে তালিকার দুই নম্বরে দুর্ঘটনা। এই তিন পর্যায়ের ৫৬৭টি হাসপাতালে ২০১৫ সালে ৩ লাখ ৯৯ হাজার ৪৩৫ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছিলেন। এসব হাসপাতালে ভর্তি হওয়া ২৮ শতাংশ রোগী এই শ্রেণিভুক্ত।