দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ৩
রাজধানীতে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল আবদুর রহিম (২২), কমলা বেগম (৩০) ও পোশাকশ্রমিক মেহেরজান (৩০)।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে একটি পিকআপ পেছন থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ কনস্টেবল রহিম যানবাহন দুটির দিকে এগিয়ে গেলে পিকআপটি তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ওই পিকআপ ও প্রাইভটকার জব্দ এবং এগুলোর চালকদের আটক করা হয়েছে।
রহিম মিরপুর-১৪ নম্বরে দাঙ্গা দমন বিভাগের কনস্টেবল ছিলেন। তাঁর বাবার নাম দাউদ মোল্লা। গ্রামের বাড়ি নড়াইল সদরের মিদিখোলায়।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মৎস্য ভবন মোড়ে তানজিল পরিবহনের একটি মিনিবাস কমলা বেগম নামের এক নারীকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ের কাছে পল্লবী সুপার লিংক পরিবহনের একটি মিনিবাস পোশাকশ্রমিক মেহেরজানকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
মেহেরজানের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি দারুসসালাম থানার বাগবাড়িতে থাকতেন।