দুর্ঘটনায় প্রাণ হারাল দুই দাখিল পরীক্ষার্থী
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে দুই দাখিল পরীক্ষার্থী। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে চারজন।
নিহত দুই পরীক্ষার্থী হলো গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে মর্জিনা আক্তার (১৬) এবং ইলিয়াস আলীর মেয়ে এলিজা আক্তার (১৬)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, গোহালিয়াবাড়ি মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা শেষে গোরিলাবাড়ি মাদ্রাসার পাঁচ পরীক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিল। তাদের বহনকারী অটোরিকশাটি কালিহাতী উপজেলার জোকারচরে পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পরীক্ষার্থী নিহত হয়। এতে আহত হয় অটোরিকশার চালক ও অপর তিন পরীক্ষার্থী। আহত লোকজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।