দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

নিহত শিক্ষার্থীর নাম নেওয়াজ মোর্শেদ। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে নেওয়াজ সীতাকুণ্ডের জোড় আমতল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ দিকে নেওয়াজের মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। রাত সোয়া নয়টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। পরে অবরোধ তুলে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের প্রধান দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে নয়টায় কুমিরা ক্যাম্পাসে নেওয়াজের জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, নেওয়াজের লাশ ময়নাতদন্ত ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।