দুর্ঘটনায় সাত পুলিশ ও আনসার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে দায়িত্ব পালনের সময় পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে পুলিশ ও আনসারের সাতজন সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ইস্পাহানী মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের আহত সদস্যরা হলেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) কায়সার, কনস্টেবল সোহাগ, মিল্টন, মওদুদ এবং আনসারের সদস্যরা হলেন মোখলেস, বাচ্চু মিয়া ও লাল মিয়া। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কায়সার ও মিল্টনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলশী থানার পুলিশের টহল দলকে বহনকারী পিকআপটি দ্রুতগতিতে ইস্পাহানী মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বাঁ পাশের একটি চাকা ফেটে গেলে চালক কনস্টেবল সোহাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সজোরে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এক এসআই জানান, হরতালে কর্তব্যরত অবস্থায় পিকআপটি দুর্ঘটনায় পড়লে আরোহীরা আহত হন।