দুর্ঘটনায় সীতাকুণ্ড ও মিরসরাইয়ে নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরমুখী একটি কাভার্ড ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পোর্টলিংক সড়কে ওঠার সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক উজ্জল রক্ষিত (২৪) নিহত হন। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলীতে। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।
এদিকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফরিদ উদ্দীন জানান, গতকাল ভোরে মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় পত্রিকাবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ওপর উঠে যায়। এ সময় গাড়িটি উল্টে আসাদুজ্জামান (৪২) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত মাইক্রোবাসের চালক মো. শফিককে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।