দুর্ঘটনার আশঙ্কায় ভবন ছেড়ে মাঠে ক্লাস
বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার আশঙ্কায় নাটোর সদর উপজেলার সমসখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। বিদ্যালয়ের তিনটি ভবনই ঝুঁকিপূর্ণ হলেও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই।বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত দুটি ভবন ১৯৯৪ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ অনেক আগেই এ দুটি ভবনে ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে এ দুটি ভবনে যাতায়াত করে থাকে। সর্বশেষ ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৩-৯৪ অর্থবছরে। এই ভবনের তিনটি কক্ষে ১৮৮ জন শিক্ষার্থী গাদাগাদি করে ক্লাস করে আসছিল। চলতি বছরের জানুয়ারি থেকে এই ভবনের তিনটি কক্ষের সব বিমে ফাটল দেখা দেয়। ৪ মে সদর উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বিদ্যালয় পরিদর্শন করে ভবনটি ব্যবহারের অনুপযোগী বলে মত দেন। এর পর থেকে বিদ্যালয় চত্বরে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুনাইদ আলম বলেন, ‘আমি ঘটনাটি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। উপজেলা প্রকৌশলীও এসে দেখে গেছেন। তাঁরা কেউ এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেননি। এদিকে অভিভাবকেরাও ভয়ে বাচ্চাদের ক্লাসে পাঠাতে চাইছেন না।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বলেন, বিষয়টি ঢাকা কার্যালয়ে জানানো হবে। উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে নতুন ভবন নির্মাণ করা হবে।