দুর্ঘটনার কবলে এফভি পাইলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পৌঁছার দুই ঘণ্টার মধ্যে দুর্ঘটনার মুখে পড়েছে মাছ ধরার জাহাজ পাইলিন। গতকাল বুধবার বিকেল সোয়া পাঁচটায় এফভি মুমিয়া নামের একটি জাহাজ এটিসহ চারটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়। প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার ২৭ ঘণ্টা যোগাযোগবিচ্ছিন্ন থাকার পর আন্দামান সাগরে এফভি পাইলিনের সন্ধান পাওয়া যায়। থাইল্যান্ড থেকে এটি গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীতে আসার পর একটি বয়ার সঙ্গে এফভি পাইলিনকে বেঁধে রাখা হয়। এ সময় এক পাশ থেকে ‘মুমিয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার এটিসহ পর পর চারটি জাহাজকে ধাক্কা দেয়। এফভি পাইলিনের মালিকপক্ষের প্রতিনিধি খন্দকার হেদায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুমিয়া জাহাজের ক্যাপ্টেনের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এফভি পাইলিনের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এফভি আমাদের ওশেন মুমু-১ জাহাজের প্রধান কর্মকর্তা হাসান খান বলেন, জাহাজটির ধাক্কায় তাঁদের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুটি ছাড়াও এফভি জমজম-১ এবং চারণ নামে আরও দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।