দুর্ঘটনার কবলে তিতুমীর এক্সপ্রেস, নিহত ১
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়পুকুরিয়া এলাকায় নাটোর-আব্দুলপুর রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় গতকাল শনিবার তিতুমীর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
নাটোর রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে পার্বতীপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর রেলজংশন ছেড়ে আসে। সকাল আটটার দিকে বড়পুকুরিয়া এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা একটি গাছের ওপর ট্রেনটি উঠে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত না হয়ে বন্ধ হয়ে যায়।
এ সময় গাছের পাশে থাকা একজন শ্রমিক ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশেকুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শ্রমিকের নাম নজরুল ইসলাম (৪২)। তিনি নওগাঁর মহাদেবপুরের বিনোদপুর গ্রামের আমেদ আলীর ছেলে। তিনি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ঠিকাদারের শ্রমিক হিসেবে রেললাইনের পাশের গাছ কাটছিলেন।
ইঞ্জিন বন্ধ হওয়ায় ট্রেনটি দুর্ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা থেমে থাকে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে আসে। তবে প্রাথমিক মেরামতের পর ট্রেনটি ছেড়ে যায় এবং নাটোর রেলস্টেশনে পৌঁছায়। সেখানে রেলের কর্মীরা ট্রেনটির ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত অংশ খুলে নতুন করে ট্রেনটি চলাচলের উপযোগী করেন। আধঘণ্টা পর আবার ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।
গাছ কাটার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে শাহিন আলম বলেন, বন বিভাগ থেকে নিলামের মাধ্যমে পাবনার মোল্লা ফার্নিচার শ্রমিকদের দিয়ে গাছ কাটছিল। হঠাৎ করে একটা গাছ রেললাইনের ওপর পড়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। তাঁদের শ্রমিক নজরুল ইসলাম গাছের গোড়ার দিকে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন পড়ে থাকা গাছটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে অন্য একটা গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তাঁর মৃত্যু হয়েছে।
নাটোর রেলস্টেশনে প্রেষণে থাকা স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী বলেন, ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। রেল কর্তৃপক্ষকে না জানিয়ে এবং ঘটনাস্থলে কোনো সংকেত না ঝুলিয়ে রেললাইনের পাশে গাছ কাটা অন্যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।