দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, কনস্টেবল নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের ৮ সদস্যসহ ১০ জন।
গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, পুলিশের নিহত সদস্যের নাম মো. মোস্তফা। আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মোকাদ্দেস, থানার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার, হিরো, কনস্টেবল সাজিদুল ইসলাম, সামশুল ইসলাম, মোস্তফা জামাল, ইমরুল, সাইফুল ইসলাম, গাড়ির চালক আশরাফ ও তাঁর সহকারী রুবেল।
আহত পরিদর্শক মোকাদ্দেস প্রথম আলোকে বলেন, চন্দ্রনাথ ধামে দায়িত্ব পালন শেষে রাত সাড়ে আটটার দিকে তাঁরা মাইক্রোবাসযোগে থানায় ফিরছিলেন। গাড়িতে তিনিসহ পুলিশের নয়জন সদস্য ছিলেন। তিনি জানান, একটি টিলা অতিক্রম করার পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি খাদে পড়ে যেতে থাকে। একপর্যায়ে গাছের সঙ্গে গাড়িটি আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে তীর্থযাত্রী ও পুলিশের আরেকটি দল আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান, কনস্টেবল মো. মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।