দুর্ঘটনার কবলে বিশ্ব খাদ্য কর্মসূচির গমবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল বৃহস্পতিবার ভোরে বিশ্ব খাদ্য কর্মসূচির গমবাহী একটি জাহাজের সঙ্গে বাংলাদেশি পতাকাবাহী আরেকটি জাহাজের মৃদু সংঘর্ষ হয়েছে।একটি জাহাজের নোঙরের সঙ্গে আরেকটির প্রপেলর (পাখা) আটকে এ ঘটনা ঘটে। এ কারণে বহির্নোঙরে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।বন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টা ৫৫ মিনিটে থাইল্যান্ডের পতাকাবাহী এমভি ভিজিত্রা নারি নোঙর করার সময় পাশাপাশি অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি আতিকুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় আতিকুর রহমানের সঙ্গে ভিজিত্রা নারির পাখা আটকে যায়। ঘটনার পর বন্দরের দুটি উদ্ধারকারী জাহাজ গিয়ে এই জট খোলার চেষ্টা চালায়। বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, জট খুলে এমভি ভিজিত্রা নারি নামের জাহাজটিকে আলাদা দুটি নোঙরের সাহায্যে বহির্নোঙরে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখা হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, এমভি ভিজিত্রা নারি জাহাজে বিশ্ব খাদ্য কর্মসূচির ১০ হাজার টনসহ মোট ২৭ হাজার ৭৮৫ টন গম রয়েছে। সিঙ্গাপুর থেকে এই গম নিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ে। ২০১০ সালের অক্টোবর থেকে বহির্নোঙরে অবস্থান করছে এমভি আতিকুর রহমান। আতিকুর রহমান জাহাজটিতে কোনো পণ্য নেই। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এই জাহাজে থাকা বিশ্ব খাদ্য কর্মসূচির ১০ হাজার মেট্রিক টন গম আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কাছে হস্তান্তর করার কথা। আগামী রোববার দুপুরে সাইলো জেটিতে এই হস্তান্তর অনুষ্ঠান হওয়ার কথা। সরকারের ‘স্কুল ফিডিং’ প্রকল্পে এই গম ব্যবহার করা হবে।