দুর্ঘটনার কবলে সাংসদের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন। রাজবাড়ীতে সোমবার ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। একই দিন সাংসদ মজিবুর রহমানের গাড়ি সিরাজগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ে।সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমানের গাড়ি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে লালমনিরহাট-২ আসনের সাংসদ মজিবুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে লালমনিরহাটে ফিরছিলেন। তাঁদের গাড়িটি নলকা এলাকায় পৌঁছালে মুরগিবাহী একটি পিকআপ সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মজিবুর রহমানের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা অক্ষত থাকেন।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই উপজেলার তারিনিপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।রাজবাড়ী: রাজবাড়ী-ধাওয়া সড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড়ের কাছে সোমবার সন্ধ্যায় ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম পাখি আক্তার (৭)। সে মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আবদুল মতিন মোল্লার মেয়ে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে।