রংপুরের তারাগঞ্জে গত বুধবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলেছে, একটি বাসের সামনের দুটি চাকারই পুরোনো টায়ার এবং বেপরোয়া চালক। এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে এ দুটি কারণকে বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে, ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তাহামুদুল (৪) নামের একটি শিশু গতকাল শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। শিশুটির বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দারারপাড় গ্রামে। তার মা ওকরাবাড়ি ফারুকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জান্নাতী বেগম দুর্ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ মৃত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন ৪৭ জনের মধ্যে ১৫ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লাহেল বাকী জানান, হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামকে প্রধান করে গত বৃহস্পতিবার গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আবদুল্লাহেল বাকী বলেন, তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে যে কুমিল্লা থেকে রংপুর হয়ে ঠাকুরগাঁওগামী সায়মুন পরিবহনের গাড়িটির সামনের দুটি চাকার টায়ার পুরোনো হওয়ায় ব্যবহারের অনুপযোগী ছিল। এতে করে গাড়িটির একটি চাকা ফেটে যায়। চালকও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ওসি বলেন, সায়মুন পরিবহনের চালক সৈয়দ আলীর সন্ধান এখনো পাওয়া যায়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে তিনি নেই। তিনি বলেন, তদন্ত কমিটির আগামীকাল রোববার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
গত বুধবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল নামক স্থানে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সায়মুন পরিবহন ও দিনাজপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলে নয়জনসহ গতকাল শুক্রবার পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এখনো ৪৭ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।