দুর্ঘটনার জন্য ওত পেতে আছে খোলা ম্যানহোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে গত তিন দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মারাত্মক দুর্ঘটনা ঘটাতে ওত পেতে আছে খোলা ম্যানহোল ও ঢাকনাহীন নর্দমা। এরমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন একজন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের মীর্জাজাঙ্গাল, মীরের ময়দান, দরগাহগেইট, সুবিদবাজার, পুলিশ লাইন, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার, বাগবাড়ী, শাহজালাল উপশহর, ভাতালিয়া, কালীবাড়ী, উত্তর বাগবাড়ী, দক্ষিণ বাগবাড়ী, দরগামহল্লা, কুয়ারপার, টিকরপাড়া, শেখঘাট, হাওয়াপাড়া, বিলপার, রায়নগর, শিবগঞ্জ, শাপলাবাগ, বালুচর, নাইওরপুল, নয়াসড়ক, যতরপুর, খাসদবীরসহ শতাধিক স্থানে ঢাকনাহীন ম্যানহোল ও নর্দমা রয়েছে। সংস্কারের অভাবে অরক্ষিত অবস্থায় পড়ে আছে এসব ম্যানহোল ও নর্দমা। কোনো কোনো নালা-নর্দমার ঢাকনা ভেঙে বিপজ্জনক অবস্থায় বেরিয়ে আছে লোহার রড। গতকাল সোমবার দুপুরে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালে কয়েক দফা বৃষ্টি হওয়ায় নয়টি ছড়া দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ঢাকনাহীন ম্যানহোল ও নর্দমা পানিতে ডুবে গেছে। শনিবার সকালেও কয়েক দফা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এর সিলেট প্রধান সৈয়দ তাহের আলম মনসুর দরগাগেইট এলাকার ফুটপাত দিয়ে হাঁটার সময় খোলা নর্দমায় পড়ে যান। এ ব্যাপারে সৈয়দ তাহের বলেন, ‘এ দুর্ঘটনার জন্য কাকে দোষ দেব? এ জন্য নিজেকেই দায়ী মনে করি!’এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় রাস্তাঘাটে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলতে হয়। বাগবাড়ী এলাকার গোলাম রব্বানী বলেন, ‘এ সময় আমাদের আতঙ্কে থাকতে হয়। মনে হয়, এই বুঝি ঢাকনাহীন ম্যানহোল বা নর্দমায় পড়ে গেলাম!’নগরজুড়ে ঢাকনাহীন ম্যানহোল ও নর্দমা যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে—এ কথা স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালিক প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নগরের বেশিরভাগ নালা-নর্দমাগুলোয় ঢাকনার ব্যবস্থা করেছে। বাকিগুলোতেও পর্যায়ক্রমে ঢাকনা দেওয়া হবে।সিলেট সিটি করপোরেশনের সার্ভেয়ার শাখা সূত্রে জানা যায়, ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট নগরে কাঁচা ও পাকা নর্দমা রয়েছে ২১৯ দশমিক ৯৮ কিলোমিটার। এসব নর্দমার অর্ধেকেরও বেশিতে ঢাকনা রয়েছে বলে ওই বিভাগের কর্মকর্তারা জানান। তবে নগরে ৩০ কিলোমিটারব্যাপী প্রবহমান নয়টি ছড়ার (মালনী ছড়া, গোয়ালী ছড়া, গাভিয়ার খাল, মোগলী ছড়া, কালীবাড়ী ছড়া, যোগনী ছড়া, হলদি ছড়া, ধোপা ছড়া ও ভুবি ছড়া) ওপর কোথাও ঢাকনা বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় নগরবাসীকে জলাবদ্ধতার সময় আতঙ্কে থাকতে হয়।