বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় দুটি বাসের সংঘর্ষে ১৭ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।
তদন্ত কমিটি এ দুর্ঘটনার জন্য সাবির পরিবহনের চালক ও মালিককে দায়ী করেছে। একই সঙ্গে প্রতিবেদনে দুর্ঘটনা রোধে দীর্ঘ ও স্বল্পমেয়াদি এবং সাধারণ কিছু কার্যক্রম নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ঈদের পর দিন ওই সড়ক দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে তিন কর্মদিবসের পর গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম থেকে সৈয়দপুরগামী সাবির পরিবহনের বাসটি নির্ধারিত লেনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও পাশের লেন দিয়ে বেপরোয়া গতিতে চলায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আজাদ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। বাসটিতে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী ছিলেন। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। চালকের পাশে ইঞ্জিন কভারের ওপর ও আশপাশে ১০ জন যাত্রী ছিলেন। এ ছাড়াও বাসটির ছাদের ওপরে ১১ জন যাত্রী ছিলেন, যা বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজায় টোল পরিশোধ করার সময় আইপি ক্যামেরায় (সিসি) ধারণ করা চিত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে গাড়ির ফিটনেস ও রুট পারমিট না থাকা, বেপরোয়া মানসিকতার গাড়ি চালক নিয়োগ ইত্যাদি কারণেই মালিক ও পরিচালনাকারীদের দায়দায়িত্ব রয়েছে।
দুটি বাসের মধ্যে সাবির বাসের রুট পারমিট, ফিটনেস ও করের মেয়াদ তিন বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে। বাসটির ধারণক্ষমতা ছিল ৫৭ জন। চালক আবদুস সেলিমের (৫০) ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আজাদ পরিবহনের ফিটনেস, রুট পারমিট ও করের মেয়াদ ঠিকই ছিল।
সাবির পরিবহনের যাত্রীদের মধ্যে রংপুর জেলার জাহাঙ্গীর হোসেন, অনুপ মিয়া ও রওশন আরা বলেন, শুরু থেকেই চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বাসে ঠাসাঠাসি করে ৯০ থেকে ৯৫ জন যাত্রী ছিলেন। যাত্রীরা তাঁকে বারবার সতর্ক করে দিলেও তিনি তা মানেননি। এর আগেও কয়েকবার দুর্ঘটনা ঘটার উপক্রম হয়েছিল। চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।
সাবির পরিবহনের চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল কুড়াল গ্রামের আবদুস সেলিমকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ থেকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই উদ্ধার কর্মীদের (সেতু কর্তৃপক্ষ) কাছে তিনি বলেছিলেন, তার নিজের দোষেই দুর্ঘটনাটি ঘটেছে। চট্টগ্রাম থেকে বাস চালিয়ে আসার কারণে তিনি ক্লান্ত ছিলেন। ঘুমের ভাব ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সামনের কাচে ঝাপসা দেখছিলেন। ওভার টেকের প্রয়োজন না থাকলেও রং সাইড দিয়ে গাড়ি চালানোর কারণেই এই ঘটনা ঘটেছে।
এদিকে তদন্ত কমিটি সুপারিশ করেছে, সিরাজগঞ্জ উত্তরবঙ্গের ১৬টি জেলার প্রবেশ দ্বার। ঢাকামুখী সব যানবাহন তিনটি মহাসড়ক হয়ে হাটিকুমরুল মোড়ে আসে। এরপর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগসড়ক (২২ কিলোমিটার) ব্যবহার করে। মহাসড়কটি ব্যস্ত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিম্নোক্ত সুপারিশ করা হয়েছে।
দীর্ঘমেয়াদি কার্যক্রম হিসেবে হাটিকুমরুল থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ, কম গতির যানবাহনের জন্য আলাদা লেন, ডিভাইডার স্থাপন, কাছাকাছি স্থানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, গতি পরিমাপের জন্য পর্যবেক্ষণ পুলিশের বুথ, সড়ক দুর্ঘটনায় আহত লোকজনের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়কের কাছে ট্রমা সেন্টার ও চিকিৎসা কেন্দ্র স্থাপন।
স্বল্পমেয়াদি কার্যক্রমে দ্রুত গতিসীমা নির্ধারণ করে বাস্তবায়ন করা, মহাসড়কে গতিনিয়ন্ত্রণে স্পিড ব্রেকারের বিকল্প রাম্বল স্ট্রিপ স্থাপন, চার লেনের আগে সড়কটি প্রশস্তকরণ ও অস্থায়ী ডিভাইডার স্থাপন, মহাসড়কে অটোরিকশা, রিকশাভ্যান ইত্যাদি যানবাহন চলাচল নিষিদ্ধ, পুলিশ আনসার গ্রাম পুলিশ সমন্বয়ে নিরাপত্তা বুথ স্থাপন, রুট পারমিট ও ফিটনেস ছাড়া কোনো যানবাহন যাতে চলাচল না করতে পারে সে জন্য ডাম্পিং স্টেশন বিশেষ বুথ স্থাপন, দক্ষ চালক তৈরির জন্য প্রত্যেক জেলায় সরকারি ড্রাইভিং স্কুল তৈরি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ তৈরি করা ও জেলা পুলিশকে প্রয়োজনীয় রেকারসহ যন্ত্রপাতি সরবরাহ করা।
সাধারণ সুপারিশ কার্যক্রমে বিশ্রামবিহীন গাড়ি চালানো বন্ধ নিশ্চিত করতে মালিকপক্ষকে উদ্বুদ্ধ করা, চালকদের রিফ্রেসার্স কোর্স চালু করতে সরকারি এবং বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া, দক্ষ চালক নিয়োগ নিশ্চিতকরণ, মাত্রাতিরিক্ত যাত্রী ও মালবোঝাই বাস টোলপ্লাজা অতিক্রম করতে না দেওয়া ও মহাসড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ সেতু বিভাগের কাছে পাঠানো হয়েছে। বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর সুপারিশ করা হয়েছে।