দুর্ঘটনার জন্য দায়ী মূলত ওভারটেকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজীর মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য মূলত ওভারটেকিংকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে। গত সোমবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ওই দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। কমিটি দুর্ঘটনা এড়াতে ১৭ দফা সুপারিশ করেছে।
তদন্ত কমিটির সদস্যরা গতকাল বুধবার রাতে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। নির্ধারিত সময়ের এক দিন আগেই কমিটি এই প্রতিবেদন দিল। এই তদন্ত কমিটির প্রধান নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে তদন্ত কমিটির প্রধানের নেতৃতে কমিটির তিন সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সাড়ে নয়টায় তাঁরা আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক মশিউর রহমান প্রতিবেদন গ্রহণ করে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনিক শৃঙ্খলার কারণে এই মুহূর্তে তদন্ত প্রতিবেদনের বিষয়ে আমি কিছু বলতে পারব না। প্রতিবেদন আজই (বুধবার) ঢাকায় পাঠানো হবে। সেখানে মন্ত্রী পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে পারেন।’
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তদন্তে দুর্ঘটনার মূল কারণ হিসেবে ওভারটেকিংকে দায়ী করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রীবহন, চালকের অসচেতনতা, মাত্রাতিরিক্ত গতিতে বাস চালানো, বাসের ফিটনেস না থাকাকেও দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
সোমবার বিকেলে রেজীর মোড়ে নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৩ জন প্রাণ হারান। আহত হন ২০-২২ জন। দুর্ঘটনার পরপরই সরকার তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে।