দুর্ঘটনার জন্য বাসচালক দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনার তিন বছর পর চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার মানিকগঞ্জের যুগ্ম দায়রা জজ-১-এর আদালতে এই সাক্ষ্য গ্রহণ হয়। এ সময় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ আদালতে বলেন, দুর্ঘটনার জন্য বাসের চালক জামির হোসেন দায়ী।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জেরে ঘিওর উপজেলার জোকায় ২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার স্বাক্ষীর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিচারক ফায়জুল ইসলাম অনুপস্থিত থাকায় যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারক মো. রফিকুল ইসলাম প্রায় তিন ঘণ্টা ধরে নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ঢালী আল-মামুন এবং তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলির সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় জামিনে থাকা আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ৭ সেপ্টেম্বর মামলার বাদী ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালতসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় ক্যাথরিন মাসুদ, ঢালী আল-মামুন এবং তাঁর স্ত্রী দিলারা বেগম জলি সাক্ষ্য দিতে আদালত প্রাঙ্গণে আসেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, মোতাহার হোসেন ও বিলকিস আক্তার মিলি। দুপুর ১২টার দিকে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত।
আদালতে দেওয়া সাক্ষ্যতে ক্যাথরিন মাসুদ বলেন, শিবালয় উপজেলায় ইছামতি নদীর পারে কাগজের ফুল চলচ্চিত্রের শুটিংয়ের স্থান দেখে মাইক্রোবাসে করে তাঁরা ১০ জন ঢাকায় ফিরছিলেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। তাঁর পরামর্শে চালক মোস্তাফিজুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কে বাঁ পাশ হয়ে মাইক্রোবাসটি ধীর গতিতে চালাচ্ছিলেন। এ সময় চালক রাস্তায় কোনো গাড়িকে অতিক্রম করেননি।
সাক্ষ্যতে ক্যাথরিন মাসুদ আরও বলেন, হঠাৎ তিনি প্রচণ্ড চাপ ও ঝাঁকুনি অনুভব করেন এবং বুঝতে পারেন গুরুতর দুর্ঘটনা ঘটছে। এ সময় একটি বাস তাঁদের মাইক্রোবাসকে পেছন দিকে ঠেলে নিয়ে যায়। এরপর বাসটিকে বাঁ পাশ দিয়ে (দক্ষিণ দিকে) চলে যেতে দেখেন তিনি। ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁদের মাইক্রোবাসটি থেমে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন। এ সময় তিনি মাইক্রোবাসচালক মোস্তাফিজুর রহমান, তারেক মাসুদ ও প্রোডাকশনকর্মী জামাল হোসেনের লাশ দেখতে পান। জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে দুর্ঘটনার বিভিন্ন বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ক্যাথরিন মাসুদকে জেরা করেন।
ক্যাথরিন মাসুদের পরে সাক্ষ্য দেন ঢালী আল-মামুন ও দিলারা বেগম জলি। তাঁরাও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। পরে আসামিপক্ষের আইনজীবীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
গতকাল মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের (বাদীপক্ষে) অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আফছারুল ইসলাম, এপিপি এ কে এম নুরুল হুদা ও তারিকুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী মাধব কুণ্ড সাহা অংশ নেন।
আগামী ২৩ অক্টোবর এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।