দুর্ঘটনার জন্য শুধু অদক্ষ চালক দায়ী নয়: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু অদক্ষ গাড়িচালকের কারণেই সড়ক দুর্ঘটনা ঘটে না। সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে সড়ক ব্যবহারকারীদের আইন না মানার প্রবণতা, রাস্তার
ফুটপাত ব্যবহার না করেও রাস্তার মাঝ দিয়ে পথ চলা, রাস্তা পারাপারে উড়ালসেতুর ব্যবহার না করা, দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ত্রুটিপূর্ণ ও স্বল্পগতির যানবাহন চলাচল প্রভৃতি অন্যতম।
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আজ সোমবার যোগাযোগমন্ত্রী লিখিত এসব কথা বলেন।

নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী লিখিত বক্তব্যে সংসদকে জানান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গাড়িচালক সৃষ্টির জন্য মানসম্মত চালক প্রশিক্ষক তৈরির জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) ও ব্র্যাক ট্রেইনিং ইনস্টিটিউট প্রশিক্ষণ দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ড্রাইভিং স্কুলগুলোর মধ্যে মানসম্পন্ন স্কুলগুলোকে বিআরটিএ রেজিস্ট্রেশন দিচ্ছে। গত বছর নিটোল-টাটা মোটরস ড্রাইভারস ট্রেনিং স্কুলসহ ৯৮টি স্কুলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং ১৩১ জনকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। তিনি দাবি করেন, সড়ক দুর্ঘটনা হ্রাস ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিআরটিএ নিয়মিতভাবে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিও উদ্দেশ্যে প্রশিক্ষণ দিচ্ছে।