বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর-পূর্ব কাঁঠালতলী এইচ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষকেরা। আর ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান চলছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ওই বিদ্যালয়ে পাঠদান অনুপযোগী ঘোষণা করেছে উপজেলা শিক্ষা বিভাগ।পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ জানুয়ারি পরিদর্শন করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্মল চন্দ্র শীল বিদ্যালয়টি পাঠদানের অনুপযোগী বলে প্রতিবেদন দেন। একই সঙ্গে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ভবনের সামনে খোলা আকাশের নিচে ক্লাস চলছে। শিশু শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস একসঙ্গে নেওয়া হচ্ছে। খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ায় ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল কম। বিদ্যালয় ভবনের লাইব্রেরি কক্ষসহ সব কক্ষে বড় বড় ফাটল। কয়েক জায়গায় দেখা গেছে, ছাদের অংশবিশেষ ভেঙে পড়েছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া আক্তারের অভিভাবক মো. কালাম বলেন, গত বছর ক্লাস করতে গিয়ে পলেস্তরাসহ ছাদের কয়েক টুকরা ভেঙে সোনিয়ার ডান হাতে পড়ে থেঁতলে যায়। প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মিত্র জানান, ঝুঁকি নিয়ে লাইব্রেরিতে দাপ্তরিক কাজ করছেন শিক্ষকেরা। আর দুর্ঘটনার ভয়ে ছেলেমেয়েদের বিদ্যালয় ভবনের সামনে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার এ বিষয়ে প্রথম আলোকে জানান, বিদ্যালয় ভবনে ক্লাস করার মতো অবস্থা না থাকলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে চাহিদা নিয়ে টিনশেড কাঠের ঘর তৈরির করে ক্লাস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে ওই বিদ্যালয় ভবন তৈরিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উদ্যোগসহ ব্যবস্থা নিতে বলা হচ্ছে।