
সড়কে শিক্ষার্থীসহ সবাইকে নিয়মকানুন মানতে হবে। নতুন আইনে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তদন্তের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তদন্তে উদ্দেশ্য প্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না, তা দেখা হবে। সে অনুযায়ী সাজা হবে। কিন্তু এই তদন্ত যাঁরা করবেন, তাঁরা কতটুকু নিরপেক্ষ হবেন, তা একটি বড় প্রশ্ন। এই তদন্ত যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তা দেখতে হবে।
|
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা অনেক আবেগ নিয়ে রাস্তায় নামে। সরকার, সাধারণ মানুষ—সবাই তাদের আন্দোলনকে ইতিবাচকভাবেই দেখেছে। কিন্তু আন্দোলন এখন যে পর্যায়ে চলে গেছে, তাতে শিক্ষার্থীরা বিপদের সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীরা বুঝে না-বুঝেই আন্দোলনে নামছে। আমি বলব, শিক্ষার্থীরা আন্দোলন করেছ, এখন শ্রেণিকক্ষে ফিরে আসো। শিক্ষার্থীদের যে নয় দফা দাবি, তার সব কটি দ্রুত বাস্তবায়ন করে ফেলা সম্ভব নয়—সময় লাগবে। এখন এই দাবিগুলো শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে গিয়েও আদায় করতে পারবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই সরকার দ্রুত ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ নামের একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে। এখন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে পড়াশোনা করতে হবে। নীতি-নৈতিকতা শিখে নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের তৈরি করবে। এই কয়েক দিনে শিক্ষার্থীরা আমাদের অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। কিন্তু এগুলো বাস্তবায়নের দায়িত্ব ওদের না।
দেশে আইন আছে। এটাও সত্য, অনেকেই আইন মানছে না। রাজধানীতে যথেষ্ট ফুটপাত নেই। যেটুকু আছে, তার সবটুকু ব্যবহার করা যাচ্ছে না। অনেকে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। ত্রুটি-বিচ্যুতি আছে অনেক।
আমি আবারও বলব, শিক্ষার্থীদের চিন্তা খুবই ইতিবাচক। আমি বিশ্বাস করি, সরকার শিক্ষার্থীদের চিন্তাকে গুরুত্ব দেবে। তবে এই শিক্ষার্থীদের আন্দোলনকে কেউ যাতে পুঁজি করে স্বার্থসিদ্ধি করতে না পারে, তা-ও দেখতে হবে।