বয়লার নয়, গ্যাস বিস্ফোরণের কারণেই টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় আগুন লেগেছিল। ঘটনা তদন্তে গঠিত দুটি কমিটির একটির প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। অপর তদন্ত কমিটি একই রকম অনুমান প্রকাশ করলেও নিশ্চিত করে তা বলতে পারেনি। তবে প্রাণঘাতী এই বিস্ফোরণের পেছনে কার দায়, দুটি তদন্ত কমিটির কোনোটিই তা নির্ণয় করতে পারেনি।
ওই ঘটনার পরপর কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নিরূপণে শিল্প মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি তদন্ত কমিটিই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে গাজীপুর জেলা প্রশাসনের গঠিত তৃতীয় একটি কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।
শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বলেছে, কারখানায় তিতাস গ্যাসের সাবস্টেশন কক্ষের আরএমএসে (রেগুলেটিং অ্যান্ড মিটারিং সিস্টেম) গ্যাস বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তাদের তদন্ত শেষে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ ‘আনডিটারমাইন্ড’ বলে মতামত দিয়েছে। তবে তারা মত দিয়েছে, কারখানার অরক্ষিত অবকাঠামো, এর যথাযথ ভেন্টিলেশন না থাকা, কারখানার অপরিকল্পিত ব্যবস্থাপনা এবং ব্যবহৃত রাসায়নিক দ্রব্য মজুত নীতি অনুসরণ না করার কারণে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ভয়াবহ আকার ধারণ করে।
শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বলছে, তারা দুর্ঘটনায় মালিকপক্ষের কোনো গাফিলতি পায়নি এবং তারা দুর্ঘটনার দায়দায়িত্ব নিরূপণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেছে।
খাদ্য ও কসমেটিক পণ্য মুড়ে রাখার অ্যালুমিনিয়াম ফয়েল প্রস্তুতকারী এই কারখানা গত ১০ সেপ্টেম্বর সকালে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ৪০ জন।
দুর্ঘটনার পর থেকে মামলার কারণে গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন কারখানার মালিকেরা। তবে কারখানা এলাকায় গিয়ে আভাস পাওয়া যায়, আড়ালে থেকে কারখানার ধ্বংসস্তূপ অপসারণের কাজ চালিয়ে নিচ্ছেন তাঁরা। এ ঘটনায় হত্যার অভিযোগে পুলিশ দুটি মামলা করেছে।
আরএমএস বিস্ফোরণে অগ্নিকাণ্ড
শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দাবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন, ঘটনাস্থলের আশপাশে টঙ্গী শিল্প এলাকায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিদর্শন, কারখানার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে তাঁরা প্রতিবেদন তৈরি করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুর্ঘটনার দিন ভোর ৫টা ৫৫ মিনিট থেকে ৬টার মধ্যে টাম্পাকোর অফিস-সংলগ্ন তিতাস গ্যাস লিমিটেডের সাবস্টেশন কক্ষের আরএমএসে গ্যাস বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পরও কিছুক্ষণ গ্যাস লাইন চালু থাকায় কারখানার বিভিন্ন ফ্লোরে রক্ষিত দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরপর তিনটি ভবন ধসে পড়ে।’
প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস বিশেষজ্ঞরা আরএমএসের গ্যাস লাইনের বিভিন্ন ছবি দেখে বলেছেন, গ্যাসের অতিরিক্ত চাপে রেগুলেটর ডায়াফ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেগুলেটরের একটি ফ্লাক্স সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে। অতিরিক্ত ঘর্ষণের ফলে ওই এলাকায় আগুন লাগতে পারে।
দাবিরুল ইসলাম বলেন, ঘটনার আগের দিনই ওই এলাকার ৯০ শতাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। তাই টাম্পাকোতে গ্যাসের চাপ হয়তো বেশি ছিল। গ্যাস বিশেষজ্ঞও বলেছেন, চাপ বেড়ে গেলে এবং যথাসময়ে নিয়ন্ত্রণ না করতে পারলে গ্যাস বিস্ফোরিত হয়।
দায়দায়িত্ব নিরূপণ করতে পারেনি কমিটি
তদন্ত কমিটি আরএমএস বিস্ফোরণকে মুখ্য ধরে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করে। তবে তারা বিষয়টি নিরূপণ করতে পারেনি। কারখানায় মূল লাইন থেকে তিন ইঞ্চি দুটো সাবলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ ছিল।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আরএমএস রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নয় বলে দাবি করেছেন তিতাস গ্যাস লিমিটেডের শিল্পনগর এলাকার ব্যবস্থাপক। আর টাম্পাকো কর্তৃপক্ষ তাদের বক্তব্যে বলেছে, আরএমএস যে স্থানে ছিল, সে স্থানটি তিতাস গ্যাস সিলগালা করে রাখত। তিতাসের লোক প্রতি মাসে এসে মিটার রিডিং নিয়ে বিল করত।
কমিটির প্রধান দাবিরুল ইসলাম বলেন, তদন্তকালে পাওয়া তথ্যমতে তাঁরা জেনেছেন, সাবস্টেশনের মেশিনারিজ বা কারিগরি বিষয় মেইনটেন্যান্স করার দায়িত্ব গ্যাস কর্তৃপক্ষের। আর ব্যবহারকারী কোম্পানির দায়দায়িত্ব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কিন্তু আরএমএস বিস্ফোরণের মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে বলে বিশেষজ্ঞ যে মত দিয়েছেন, তার দায়দায়িত্ব কমিটির দ্বারা নিরূপণ করা সম্ভব নয়। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেছেন তাঁরা।
দুর্ঘটনার আগে গ্যাস লিক হচ্ছিল
তদন্ত কমিটির কাছে টাম্পাকো ফয়েলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আবু হানিফ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ৫টা ৫৫ মিনিটে শিফট ইন-চার্জ সুভাষ চন্দ্র প্রাসাদ (দুর্ঘটনায় মারা যান) তাঁকে মোবাইল ফোন করে জানান, টাম্পাকোর আরএমএস কক্ষে গ্যাস লিকেজ হচ্ছে। তিনি বিষয়টি দেখছেন বলে তাঁকে জানান। এরপর তিনি তিতাস গ্যাসের একজন সাবেক টেকনিশিয়ান মনু মিয়াকে ফোন করেন। মনু মিয়া তাঁকে গ্যাসের রাইজারের চাবি বন্ধ করে দিতে বলেন। এ কথা বলার জন্য তিনি সুভাষ চন্দ্রকে ফোন দেন। কিন্তু সুভাষ আর ফোন ধরেননি।
ফায়ার সার্ভিসের প্রতিবেদনে অব্যবস্থাপনা
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান ছিলেন সংস্থাটির উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনের খসড়া তিনি ইতিমধ্যে জমা দিয়েছেন।
ফায়ার সার্ভিসের একটি সূত্র প্রথম আলোকে বলে, প্রতিবেদনে তদন্ত কমিটি বলেছে, ‘ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের এক তলা থেকে বহির্মুখী বিস্ফোরণের পর বিভিন্ন ফ্লোরে রক্ষিত রাসায়নিক দ্রব্য, কাঁচামাল, উৎপাদিত মালামাল, মেশিনপত্র ইত্যাদিতে আগুন ধরে যায়। ফ্যাক্টরিটির অরক্ষিত অবকাঠামো এবং বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় পুঞ্জীভূত গ্যাস এবং রাসায়নিক দ্রব্য বিস্ফোরিত হয়ে অনুভূমিক দিক দিয়ে (হরাইজন্টাল এক্সপ্লোশন প্যাটার্ন) ফ্যাক্টরিটির অপেক্ষাকৃত দুর্বল স্থান দিয়ে বের হওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ অপরিকল্পিত ব্যবস্থাপনা ও গ্যাস লিকেজের উপস্থিতি এবং মজুত নীতি অনুসরণ না করে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করায় ভবনের ভেতরে জমে থাকা পুঞ্জীভূত গ্যাসের চাপ এবং উচ্চ দাহ্য উদ্বায়ী কেমিক্যালসের বিস্ফোরক মিশ্রণ এ ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। এর জন্য ছোট্ট একটি স্পার্ক বা পরিমিত তাপই যথেষ্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার অধিকতর তদন্তের জন্য এ বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান এবং উচ্চতর প্রযুক্তির পরীক্ষা প্রয়োজন। এ বিষয়গুলো বিবেচনায় এনে কমিটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ ‘আনডিটারমাইন্ড’ (অনির্ধারিত) বলে একমত হয়েছে।