দুর্ঘটনার দায় নিতে রাজি নন পিনাকের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিনাক-৬ লঞ্চডুবির জন্য নিজেকে নির্দোষ মনে করেন এর মালিক আবু বকর সিদ্দিক। এই লঞ্চ দুর্ঘটনার দায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঘাট ইজারাদারদের ওপর চাপাচ্ছেন তিনি। তাঁর দাবি, লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া ছিল।
চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার রাজধানীর উত্তরায় র্যাব কার্যালয়ে নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আবু বকর সিদ্দিক। মঙ্গলবার দিবাগতরাত সোয়া তিনটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে র্যাব।
আবু বকর বলেন, ‘ঘাট ইজারাদারদের অনুমতি ছাড়া এখান থেকে লঞ্চ ছাড়া যায় না। তারা যাত্রী দেয়। ৭০-৮০ জন যাত্রী উঠলে ভাড়া পাওয়া যায় ১০-২০ জনের। বাকি টাকা ইজারাদার রেখে দেয়। এ ঘাটে না থামলে পরের দিন লঞ্চ ছাড়ার সিরিয়াল মেলে না। বিআইডব্লিউটিএর লোকজন এসব জেনেও কিছু বলে না।’
আবু বকর সিদ্দিকের দাবি, বাংলাবাজার ঘাট তদারক করেন ইয়াকুব আলী নামের এক ব্যক্তি। তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এখন আওয়ামী লীগ করেন। ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে জানিয়ে পিনাক-৬-এর মালিক বলেন, ‘ঈদের সময় ঘাট থেকে লঞ্চ ছাড়ার পরও যাত্রীরা লাফিয়ে উঠে পড়ে।’
চার বছর আগে মনিরুজ্জামান নামের এক ব্যক্তির কাছ থেকে ১১ লাখ টাকায় লঞ্চটি কিনেছিলেন আবু বকর। তিনি জানান, আগের মালিক লঞ্চটির নাম পরিবর্তনের কাজ সম্পন্ন করেননি। তবে পিনাক-৬ লঞ্চ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার লঞ্চ স্টিল বডির। ফিটনেসসহ আমার লঞ্চের সব কাগজ ঠিক ছিল। আপনাদের আমি সব দেখাইতে পারি।’
আবু বকর জানান, শতাধিক যাত্রীর মর্মান্তিক মৃত্যুতে তিনি অনুতপ্ত। নিজের লঞ্চটি যুবে যাওয়ার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন বলে দাবি করেন আবু বকর। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ভয়েতে পালাইছি। মনের দুর্বলতা। আমার মোবাইলে দেখেন, আমি উকিলরে বারবার বলছি স্যারেন্ডার করে দিব। আমার বালবাচ্চারা ভয়েতে আছে, আমি স্যারেন্ডার করলে ওরা তো শান্তিতে থাকব।’
এদিকে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সংবাদ ব্রিফিংয়ে জানান, দুর্ঘটনার পর আবু বকর সিদ্দিক বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। আবু বকরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব-৭। লঞ্চডুবির ঘটনায় করা মামলার অন্য পাঁচজন আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল ইউনিয়ন বিএনপির নেতা। লঞ্চের ব্যবসা ছাড়াও তিনি ঢাকা-মাওয়া রুটে ইলিশ পরিবহনেরও একজন অন্যতম মালিক।
লঞ্চডুবির ঘটনায় মালিককে প্রধান আসামি করে এর মাস্টার (চালক), সারেং, সুকানিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বেপরোয়া লঞ্চ চলাচল, অতিরিক্ত যাত্রী বোঝাই ও অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি করেছেন বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া।
৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬। এ ঘটনায় মোট ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত না করে গত সোমবার উদ্ধার কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়।