দুর্ঘটনার পর কেউ খোঁজ রাখে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একচালা টিনের ছোট্ট ঘর। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এখানে থাকেন জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় বাঁ পা হারানো মো. ইদ্রিস। দুর্ঘটনার পর তাঁর শ্বশুর ওই ঘরটিতে তাঁদের থাকতে দিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরটি। গত শনিবার দুপুরে ওই ঘরে গিয়ে কথা হয় ইদ্রিসের সঙ্গে।

ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় কাজ করতেন ইদ্রিস। দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ২০১৫ সালের ১১ এপ্রিল। তখন বেলা ১১টা। একটি জাহাজের প্রপেলার (পাখা) কাটছিলেন তিনি। হঠাৎ এর ভারী একটি অংশ তাঁর বাঁ পায়ের ওপর পড়ে। এতে হাঁটু থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি।

ইদ্রিস বলেন, তাঁর বাড়ি বরগুনার বামনা থানার গোলাগাটা গ্রামে। ২৪ বছর ধরে এ কাজ করছেন তিনি। পা হারানোর পর থেকে আর কাজ করতে পারেন না। আত্মীয়স্বজনের দয়ায় চলে তাঁর সংসার। ওই জাহাজভাঙা কারখানার কেউ আর তাঁর খোঁজ নেননি।

জাহাজভাঙা শ্রমিকদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডের কারখানাগুলোতে গত বছর (২০১৬ সাল) ২০টি দুর্ঘটনায় ১৮ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তার মধ্যে তিনজন স্থায়ীভাবে চলাফেরার শক্তি হারিয়েছেন।

এ বিষয়ে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি মো. আবু তাহের দাবি করেন, অন্য যেকোনো সময়ের তুলনায় জাহাজভাঙা কারখানা এখন নিরাপদ। কোনো দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা এবং চিকিৎসাকালীন বেতন দেওয়ার জন্য সব কারখানার মালিকদের বলে দেওয়া আছে।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, উপজেলায় ১৭৩টি জাহাজভাঙা কারখানা রয়েছে। এর মধ্যে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৫০টি কারখানার জমির ইজারা নবায়ন হয়েছে।

জাহাজভাঙা শ্রমিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, ১৭৩টি কারখানার মধ্যে চালু আছে ৫০টি। ২০ হাজারের মতো শ্রমিক এসব কারখানায় কাজ করেন। সংগঠনের কার্যকরী সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, জাহাজভাঙা কারখানার শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র নেই। তাঁদের চাকরিও স্থায়ী নয়। হাতে গোনা কয়কেকটি কারখানা ছাড়া অন্যরা শ্রমিকদের উৎসব ভাতা পর্যন্ত দেয় না। শ্রম আইন অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্য-তহবিল), গ্র্যাচুইটিসহ (আনুতোষিক ভাতা) শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়। দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসার খরচ দিলেও পুনর্বাসনসহ দীর্ঘমেয়াদি চিকিৎসার দায়িত্ব কোনো কারখানা নেয় না।

এ বিষয়ে বিএসবিএর সভাপতি আবু তাহেরের দাবি, শ্রমিকেরা একটি কারখানায় স্থায়ীভাবে কাজ করতে চান না। তবুও বেশির ভাগ কারখানা শ্রমিকদের চাকরি স্থায়ী করছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রম আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন।

যথেষ্ট প্রশিক্ষণ ছাড়াই জাহাজভাঙার মতো ঝুঁকিপূর্ণ কাজ শ্রমিকদের দিয়ে বছরের পর বছর ধরে করানো হচ্ছে বলে জানান বেসরকারি সংস্থা ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন। তিনি বলেন, মালিকদের অসহযোগিতার কারণে এখানে কার্যকর কোনো ট্রেড ইউনিয়ন গড়ে ওঠেনি। মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা-সরঞ্জাম সরবরাহের প্রবণতাও কম।

চলতি বছরের জানুয়ারি মাসে মোহাম্মদ আলী নামের এক শ্রমিক সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকার জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর দুই পা ভেঙে যায়। এখনো সুস্থ হননি তিনি।