পঙ্গু হাসপাতালের অব্যবস্থাপনা ও রোগীদের হয়রানি করার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রামের সাংসদ নুরুল ইসলামের এক নোটিশের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান। এ সময় সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বিষয়টিকে গুরুতর আখ্যায়িত করে বলেন, এ তদন্ত কমিটিতে যাতে অভিযোগকারী সাংসদকেও রাখা হয়। মন্ত্রী ডেপুটি স্পিকারের এ বক্তব্যে সায় দেন।নোটিশে নুরুল ইসলাম পঙ্গু হাসপাতালের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, এই হাসপাতালে কোনো আধুনিক চিকিত্সা নেই। দুর্ঘটনার পরে পা কেটে ফেলে চিকিত্সা দেওয়া এখন রেওয়াজে পরিণত হয়েছে। এখানে যত রোগী আসেন প্রত্যেকের সঙ্গে আলাপ করে জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে সিন্ডিকেট আছে, এদের দাপটে কেউ কথা বলতে পারে না। এমনকি চিকিত্সকেরাও অসহায়। এরা রোগীদের ওষুধ মেরে দেয়, নানা রকম হয়রানি করে ও মানুষের টাকা লুণ্ঠন করে।চট্টগ্রামের ওই সাংসদ নোটিশে লিয়াকত আলী খান নামের একজন রোগীর দুরবস্থার কথা তুলে ধরেন।নোটিশের জবাবে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ অস্বীকার করে বিষয়টি এড়ানোর চেষ্টা করলে সাংসদেরা হইচই শুরু করেন। মুজিবুর রহমান ফকির বলেন, পঙ্গু হাসপাতালটি একটি বিশেষায়িত হাসপাতাল। এ ধরনের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষেরও গোচরীভূত হয়নিএ সময় ডেপুটি স্পিকার শওকত আলী অভিযোগটি ‘গুরুতর’ আখ্যা দিয়ে কঠোরভাবে দেখার জন্য ঘটনা তদন্তে নোটিশ প্রদানকারী সাংসদকে সঙ্গে রেখে একটি কমিটি করার আহ্বান জানান।প্রতিমন্ত্রী সংসদকে জানান, পঙ্গু হাসপাতালের এ ধরনের হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।