কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী একটি বাস খাদে পড়ে ১০ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এক সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত পরিবহন অফিসে ভাঙচুর চালান।প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা টিএস ডিলাক্স নামের গাড়িটি ক্যাম্পাসে আসার সময় ঝিনাইদহের চড়িয়ারবিল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১০ শিক্ষার্থী আহত হন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে নয়টায় সাধারণ শিক্ষার্থীরা উন্নত পরিবহনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়িসহ প্রশাসনিক ভবনে অবস্থিত পরিবহন অফিসে ব্যাপক ভাঙচুর চালান। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য এম আলাউদ্দিন উন্নতমানের পরিবহন দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবহনের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, অফিস ভাঙচুরের বিষয়টি দুঃখজনক, ঝিনাইদহের পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের জন্য ভালো গাড়ির ব্যবস্থা করা হবে।