দুর্ঘটনার ভয়াবহতার মনে হতেই আঁতকে উঠছেন শাহরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিমানবন্দর থেকে শাহরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। ১৫ মার্চ ২০১৮। ছবি: প্রথম আলো
শাহজালাল বিমানবন্দর থেকে শাহরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। ১৫ মার্চ ২০১৮। ছবি: প্রথম আলো

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আহত শাহরিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে দেশে আনার পর তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দুর্ঘটনার ভয়াবহতার কথা মনে হতেই আঁতকে উঠছেন শাহরিন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন সাংবাদিকদের বলেন, বিকেলে শাহরিনকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে শাহরিন থাকতে অস্বীকৃতি জানালে তাঁকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতার কথা মনে হতেই আঁতকে উঠছেন শাহরিন। এখন শাহরিন আহমেদ ট্রমায় ভুগছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৮ মিনিটে শাহরিন আহমেদকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়। সেখান থেকে বার্ন ইউনিটের একটি অ্যাম্বুলেন্সে করে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়।

চিকিৎসক সামন্তলাল সেন বলেন, শাহরিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার মতো এত বড় একটি দুর্ঘটনার ধকল শাহরিনের ওপর দিয়ে বয়ে গেছে। তাই তিনি মেন্টালি ট্রমায় রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। শরীরে ৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ডান পায়ে আঘাত রয়েছে।

গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাশ-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫১ জন মারা যান। আহত ১০ বাংলাদেশিকে নেপালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে রেজওয়ানুল হককে গতকাল বুধবার রাতেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গেছেন তাঁর বাবা মোজাম্মেল হক। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তিনি কাঠমান্ডুর ওম হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। নরভিক হাসপাতালে আইসিইউতে থাকা ইয়াকুব আলীকে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন তাঁর পরিবারের সদস্যরা।