দুর্ঘটনার সাড়ে ১০ মাসেও হয়নি শশীদল রেলগেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলগেট দুর্ঘটনার সাড়ে ১০ মাসেও রেলগেট ও গেটম্যানদের জন্য স্থায়ী স্থাপনা নির্মাণকাজ শুরু হয়নি। এতে গেটে পাহারার দায়িত্বে থাকা গেটম্যানরা শীত ও বর্ষায় ভোগান্তি পোহাচ্ছেন।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনসংলগ্ন রেলগেটটি দিয়ে প্রতিদিন কয়েক শ বাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে। রেলগেটটি অনুমোদনহীন থাকায় কোনো গেটম্যান ছিল না। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি আন্তনগর একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ১৬ জনের প্রাণহানি ঘটে। আহত হয় ২০ জন। দুর্ঘটনার পর প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে রেলগেট নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে। রেলগেট না থাকাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তারা। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের দাবির মুখে দ্রুত রেলগেট নির্মাণের আশ্বাস দেয় পরিদর্শক দল। পরে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে গেট স্থাপন ও দৈনিক মজুরির ভিত্তিতে দুজনকে গেটম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে স্থায়ীভাবে রেলগেট নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। গেটম্যান ময়নাল হোসেন ও মো. মোতালেব জানান, ট্রেন এলে যানবাহন থামাতে হয়। রেলগেটের লোহার দণ্ডটি নেই। কাজ চালাতে হচ্ছে বাঁশ দিয়ে। ১৫০ টাকা মজুরিতে তাঁরা ১২ ঘণ্টা করে দায়িত্ব পালন করে আসছেন। শৈত্যপ্রবাহ ও বর্ষায় খোলা জায়গায় থেকে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা অসুস্থ হয়ে যাচ্ছেন। বিষয়টি তাঁরা রেলওয়ের কুমিল্লার জেষ্ঠ্য উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরীকে জানিয়েছেন। কিন্তু কোনো ফল পাননি। শশীদল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম বলেন, স্থায়ী স্থাপনা না থাকায় তীব্র শীত ও বর্ষায় গেটম্যানদের খুব কষ্ট হচ্ছে। দ্রুততম সময়ে গেট ও গেটম্যানদের জন্য স্থায়ী স্থাপনা নির্মাণ করা প্রয়োজন।রেলওয়ে কুমিল্লার জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) শাহাদাত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শশীদল রেলগেটটি নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঠিকাদার অল্প সময়ের মধ্যে কাজ শুরু করবে। আশা করি, এসব সমস্যা থাকবে না।’