দুর্ঘটনার হার আগের তুলনায় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার হার বাড়েনি। বরং আগের তুলনায় কমেছে। ২০০০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিন হাজার ৩০০ জন, ২০১০ সালে মারা গেছে দুই হাজার ৬২৪ জন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মানিকগঞ্জের শিবালয় উপজেলার নতুন কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন। গতকাল সোমবার সন্ধ্যায় শিবালয়ের টেপড়ায় এই অনুষ্ঠান হয়। শাজাহান খান বলেন, প্রতিবছর রাস্তায় গাড়ি নামে ৫০ হাজার আর প্রশিক্ষিত চালক পাওয়া যায় মাত্র ১০ হাজার। তাই দক্ষ চালক তৈরিতে বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি জেলা পর্যায়ে ভোকেশনাল কেন্দ্রগুলোর মাধ্যমে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাঠ্যসূচিতেও ট্রাফিক আইন সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া ও জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুস সাত্তার মল্লিক। অনুষ্ঠান শেষে নৌমন্ত্রী শাজাহান খান প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার স্থান ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকা পরিদর্শন করেন।